আপিলেও টিকল না বিকল্পধারার মান্নানের প্রার্থিতা
যাচাই বাছাইয়ের সময় ঋণ খেলাপি হওয়ায় দুই আসনের তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
ঋণ খেলাপি ও কর পরিশোধ না করার অভিযোগে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিলের শুনানিতেও বহাল রয়েছে।
নোয়াখালী-৪ আসনেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে তার দুই আসনের প্রার্থিতা বাতিল হয়।
অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান ৩ কোটি ২৯ লাখ টাকা কর পরিশোধ করেননি। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা তার ঋণ খেলাপি হিসেবে পরিগণিত হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে ধরা পড়ে।
তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বর্তমান সংসদ সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে জয়ী হন তিনি।
এটির পাশাপাশি তিনি নোয়াখালী-৪ আসনেও প্রার্থী হয়েছিলেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
