১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় টিকতে আইএমএফের শর্তে ‘বন্দি’ সরকার: ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, “সারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করা হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে, কৃষকদের কষ্ট হবে, কিন্তু উন্নয়নের স্বার্থে তাকে এটা মেনে নিতে হবে। কোন উন্নয়ন? কার উন্নয়ন?”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 04:15 PM

Updated : 13 Apr 2023, 12:18 PM

ক্ষমতায় টিকে থাকতে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর ‘শর্ত মেনে’ দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখলরুল ইসলাম আলমগীর।

সারের দাম কেজিতে পাঁচ টাকা করে বাড়ানোর পরদিন বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠানে বিএনপির নিহত ও নিখোঁজদের স্বজন এবং ‘নির্যাতনের শিকার’ নেতা-কর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে দেওয়া হয় এই উপহার।

ফখরুল বলেন, ‘‘ক্ষমতায় টিকে থাকার জন্য আইএমএফের শর্ত মেনে নিয়ে একদিকে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে এবং সেই বাড়ানোর পরে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।

“এখন আবার কৃষকদের যে সার, সেই সারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করা হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে, কৃষকদের কষ্ট হবে, কিন্তু উন্নয়নের স্বার্থে তাকে এটা মেনে নিতে হবে।”

‘‘কোন উন্নয়ন, কার উন্নয়ন?”- এই প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, “এই উন্নয়ন হচ্ছে এই শাসকগোষ্ঠী, তাদের নিজেদের উন্নয়ন।”

বাংলাদেশে বৈষম্যের সৃষ্টি হয়েছে দাবি করে ফখরুল বলেন, “একদিকে বিশাল বিশাল অংকের মালিক, তাদের বাড়ি-গাড়ি, বিলাস-বৈভব। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে তারা বিদেশে পাচার করছে এবং বাড়ি ঘর কিনছে থাকছে।

‘‘অন্যদিকে আমাদের সাধারণ মানুষেরা তারা দুই বেলা দুই মুঠো খাওয়ার জন্যে তাদেরকে সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। তাও সে পুরোপুরি পাচ্ছে না। কারণ জিনিসপত্রের দাম তাদের আয়ত্বের বাইরে চলে গেছে।”

‘ওরা দেশকে বধ্যভূমি করেছে’

অনুষ্ঠানে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা নুরুল আলম নুরু, নুরুজ্জামান জনি, মাহমুদুর রহমান বাপ্পী, পারভেজ রেজা, তরিকুল ইসলাম তারা, মো. সোহেল, মফিজুল ইসলাম রাশেদ, জাকির হোসেন, জাকির হোসেন মিলন, স্বেচ্ছাসেবক দলের কাওসার, জাসাসের আমিরুল ইসলাম মিন্টুর পরিবারের সদস্যদের কাছে ‍উপহার তুলে দেওয়া হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে এমন এক হাজার পরিবারের কাছে ‘ঈদ উপহার’ পৌঁছানো হবে, যা আজ শুরু হল।

উপহারের ব্যাপারটা একেবারেই ‘গৌণ’ মন্তব্য করে ফখরুল বলেন, “এই উপহার তাদেরকে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য যে, আমরা তাদের ভুলে যাইনি, আমরা তাদের সঙ্গে আছি।”

বিএনপি নেতা বলেন, ‘‘সারাদেশে আমার মনে হয় যে, সাতশর উপরে আছেন যারা গুম হয়ে গেছেন, সহাস্রাধিক গণতান্ত্রিক কর্মী আছেন যারা খুন হয়ে গেছেন। এই একটা ভয়াবহ অবস্থা বিরাজ করছে গত ১৪/১৫ বছর ধরে।

“আওয়ামী লীগ সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং এই অত্যাচার-নির্যাতন-গুম-খুন করেই তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। আজকে সমগ্র দেশ বলতে কি একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। আপনি খবরের কাগজ খুললেই দেখবেন হত্যা-খুন-গুম চলছে।”

রাজনৈতিক প্রতিপক্ষকে ‘নির্মূল করে দেওয়ার জন্য’ এই ‘গুম’ কথাটা আগে বাংলাদেশের মানুষ জানত না মন্তব্য করে ফখরুল বলেন, “লাতিন আমেরিকায় আমরা শুনেছি যে, এনফোর্স ডিজএপিয়ারেন্স, তুলে নিয়ে গিয়ে নাই হয়ে যাওয়া। এটা বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ প্রচলন করেছে।”

স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ও ‘গুমের অনেক ঘটনা প্রকাশ্যে ঘটেছে’ বলে অভিযোগ করেন ফখরুল।

তিনি বলেন, “আওয়ামী লীগের গঠনটাই এ রকম। একদিকে সন্ত্রাস আরেকদিকে দুর্নীতি। এই দুটার মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকে।”

‘আর মুখ থুবড়ে পড়ে থাকা নয়’

ফখরুল বলেন, ‘‘আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এভাবে গুম-খুন হয়ে, নির্যাতিত হয়ে আর মুখ থুবড়ে পড়ে থাকবে না। মানুষ জেগে উঠতে শুরু করেছে। ১৭ জন প্রকাশ্যে আন্দোলন করতে গিয়ে রাজপথে প্রাণ দিয়েছে। এই রক্তস্রোত ও বাচ্চাদের কান্না কখনও বৃথা যেতে পারে না।

“বিজয় আমাদের হবেই, আমরা অবশ্যই নির্যাতকারীদের, ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, ‘নিখোঁজ’ হওয়া ছাত্রদল নেতা মাহমুদুর রহমান বাপ্পীর বোন ঝুমুর ও সোহেলের মেয়ে সাদিকা সরকার সাফা অনুষ্ঠানে বক্তব্য দেন।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য শাম্মী আখতারও মঞ্চে উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির তাইফুল ইসলাম টিপু, যুব দলের মামুন হাসান, কামরুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, নাজমুল আহসান, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারও অনুষ্ঠানে ছিলেন।