০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সংবিধান সংশোধনে আরও বিভিন্ন পক্ষের মত নেবে বিশেষ কমিটি

বৈঠকগুলোতে যেসব প্রস্তাব আসছে এবং লিখিতভাবে যেসব প্রস্তাব জমা পড়ছে, সেগুলো কমিটির প্রতিবেদনে তুলে ধরা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 08:18 PM

Updated : 04 Oct 2026, 08:18 PM

সংবিধান সংশোধনের আগে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার পরিধি আরও বাড়াচ্ছে এ বিষয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটি।

শ্রমজীবী মানুষ এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কমিটি জানিয়েছে, পরবর্তী বৈঠকগুলোতে সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, বিচারক, আইনজীবী, নারী নেতৃত্বসহ বিভিন্ন পক্ষকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

রোববার সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষের প্রতিনিধি এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে তারা কমিটির কাছে প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকের আলোচনার বাইরে কারও কোনো লিখিত প্রস্তাব থাকলে সেটিও কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

কমিটির তরফে বলা হয়েছে, বৈঠকগুলোতে যেসব প্রস্তাব আসছে এবং লিখিতভাবে যেসব প্রস্তাব জমা পড়ছে, সেগুলো কমিটির প্রতিবেদনে তুলে ধরা হবে। পরবর্তী সময়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আলোচনায় যুক্ত করার পরিকল্পনাও নিয়েছে কমিটি।

সংসদ সচিবালয় বলছে, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন এবং জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে।

এছাড়া সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী ব্যক্তিদেরও পর্যায়ক্রমে পরবর্তী বৈঠকগুলোতে ডাকা হবে।

পঞ্চম বৈঠকে কমিটির সদস্য ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, সংসদ সদস্য সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।

বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ ও মাধবী মারমাও বৈঠকে অংশ নেন।