Published : 08 Aug 2025, 12:12 AM
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রাখা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি এও বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের জবরদস্তি হতে দেবেন না তারা।
বৃহস্পতিবার রাতে ঢাকার মহাখালীতে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম বলেন, “রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে, এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু কোনো দলের প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এমনভাবে চাপানো ঠিক না, যেটাতে মনে হয় যেন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হয়েছে… এটা জবরদস্তি।
“সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক। আমরা (বিএনপি) এটার বিরোধী।”
তিনি বলেন, “আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা চেষ্টা করবো কোনো প্রতিষ্ঠানই যেন কোনো ধরনের জবরদস্তি না হয়। সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী, যা অনুশীলন করতে চায় তা করতে পারে।
“আমরা ক্ষমতায় এলে নিশ্চিত করবো যাতে আরবি বিশ্ববিদ্যালয়সহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেনো কারো দখলে না থাকে। শিক্ষার প্রকৃত অগ্রগতি যেন নিশ্চিত হয়।”
গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতাদের সঙ্গে বিএনপির লিঁয়াজো কমিটির বৈঠক হয়।
এরপর ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “বিএনপি ইসলামে মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজনকারী দল এবং মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযুক্তকারী দল। এবারও সংস্কার কমিশনে আমার এর পক্ষে অবস্থান নিয়েছি এবং প্রতিষ্ঠিত হয়েছে।
“আমরা মাদরাসা শিক্ষা সম্প্রসারণ চাই, কিন্তু মাদরাসা শিক্ষাঙ্গন একটি নির্ধারিত দলীয় রাজনীতির কেন্দ্র হিসেবে পরিণত হোক সেটা চাই না।”
তিনি বলেন, “বাংলাদেশে ইসলাম, কোরআন, সুন্নাহর বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী সমস্ত মানুষের সাথে কথা বলেছি।
“আমরা হাটহাজারী মাদরাসায় গিয়েছিলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবি আমিরের সাথে কথা বলেছি, ছারছীনা পীর সাহেবের সাথে দেখা করেছি, আলিয়া মাদ্রাসা ধারার যেসকল মুরব্বি আছেন তাদের সাথে দেখা করেছি, কথা বলেছি।
“উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না।”
এর আগে জমিয়াতুল মোদারেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।