আমীর খসরুর হয়ে ভোটের প্রচারে ছেলে ইসরাফিল খসরু
“চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তন চায়, জনবান্ধব রাজনীতি দেখতে চায়, সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই,” বলেন আমীর খসরুর ছেলে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারের দ্বিতীয় দিনে চট্টগ্রামের ইপিজেড মোড় এলাকায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর হয়ে ভোটারদের কাছে গেলেন ছেলে ইসরাফিল খসরু।
শুক্রবার সকালে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চান তিনি।
ইপিজেড মোড় থেকে প্রচার শুরু করে দক্ষিণ হালিশহর ফেলা গাজী বাড়ি, কলসি দীঘী মোড়, ওয়াশিল চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করেন ইসরাফিল খসরু।
প্রচারের সময় তিনি বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি পরিবর্তন, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ মানেই মানুষের অধিকার, ন্যায়ের রাজনীতি এবং সাধারণ মানুষের কথা বলার শক্তি।
‘‘চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তন চায়, তারা সৎ নেতৃত্ব ও জনবান্ধব রাজনীতি দেখতে চায়। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
সকালে ছেলে ভোটের প্রচারে নামলেও বিকালে মাঠে নামেন আমীর খসরু।
তিনি চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন চরবস্তি, বিজয়নগর, ফুলছড়ি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়া এলাকায় গণসংযোগ করেন। মানুষের সঙ্গে হাত মেলান, ধানের শীষে ভোট চান।
গণসংযোগকালে আমীর খসরু বলেন, “জনগণ আজ উৎফুল্ল, আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দিতে পারছে। তাদের সংসদ নির্বাচন করতে পারছে, তাদের সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। নির্বাচিত সরকার জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।”
