১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আমজনগণ পার্টির নিবন্ধন দাবিতে ইসির সামনে মানববন্ধন

রাজনৈতিক পটপরিবর্তনের পর ডেসটিনির এমডি রফিকুল আমীন কারাগার থেকে বেরিয়ে দলটির সূচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 02:27 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ আমজনগণ পার্টি।

রোববার নির্বাচন কমিশনের সামনে নেতাকর্মীদের নিয়ে মানববন্ধন করে এ সময় বেঁধে দেন দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম।

তিনি বলেন, “দেশের মানুষের স্বার্থে, একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, যাতে করে দেশে একটি নির্বাচিত সরকার আসতে পারে, সেজন্য আমরা ছাড় দিচ্ছি। আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন না দিলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

মানববন্ধন চলাকালে ‘হুদা গেছে যেই পথে, নাসির যাবে সেই পথে’, ‘নিবন্ধন দে, নইলে গদি ছেড়ে দে’ এমন নানা স্লোগান দেন তারা।

গত ৩১ জানুয়ারি ইসির সামনে সমাবেশ থেকে সিইসি এএমএম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদের কুশপুতুলে ডিম নিক্ষেপ করে আমজনগণ পার্টির নেতাকর্মীরা।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ডেসটিনির এমডি রফিকুল আমীন কারাগার থেকে বেরিয়ে গত ১৭ এপ্রিল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ নামে নতুন দলের সূচনা করেন। কাছাকাছি নামের আরেকটি দল আপত্তি তোলায় দলটি নাম পাল্টিয়ে হয় ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’।

গত ৩০ সেপ্টেম্বর ইসির তরফে দলটিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে আপত্তি ওঠায় পুনঃতদন্তে সিদ্ধান্ত পাল্টে যায়।