১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের

বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এ প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 11:53 PM

Updated : 29 Jun 2023, 11:53 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির ছয় সদস্য। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খালেদার গুলশানের বাসা ‘ফিরোজা’য় যান জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। 

রাত ১০টার দিকে তারা বেরিয়ে আসেন। গেইটের সামনে অপেক্ষমান সাংবাদিকদের জমির উদ্দিন সরকার বলেন, ‘‘এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল ঈদ উপলক্ষে। এই সাক্ষাতে কেনো রাজনৈতিক আলাপ হয় নাই। আমরা উনার সাথে শুভেচ্ছা বিনিময় করেছি, উনি কেমন আছেন জানতে চেয়েছি। উনিও আমাদের সাথে কুশল বিনিময় করেছেন। 

“নেতা হিসেবে দলের চেয়ারপারসনের সাথে দেখা করেছি আমরা। বিএনপি চেয়ারপারসন আমাদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।” 

৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগে ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঁচদিন চিকিৎসা নিয়ে গত ১৭ জুন বাসায় ফেরেন তিনি। 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে সাবেক স্পিকার জমির উদ্দিন বলেন, “শারীরিকভাবে উনার উন্নতি হয়েছে- এটা বলা যায় না। উনার ট্রিটমেন্ট আগে যেভাবে ডাক্তাররা অ্যাডভাইস করেছে, এরকম আমরা আজকে উনাকে যতটুকু দেখেছি, উনার চিকিৎসা বাইরে (বিদেশে) অ্যাডভান্স সেন্টারে একান্তভাবে প্রয়োজন।”

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে। 

এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন খালেদা জিয়া, যেখানে দলের নেতাকর্মীসহ অন্যরা তার সাক্ষাৎ পান না। কেবল দুই ঈদে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছেন।