Published : 06 Mar 2026, 12:43 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালীর বিষয়ে দলের এমপিদের প্রস্তুত করতে প্রশিক্ষশণ কর্মশালা শুরু করেছে বিএনপি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়; উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তিনি বিএনপির সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন। বিএনপির সংসদীয় দলের নেতা হিসেবে এই কর্মশালার উদ্বোধনও করেছেন তিনি।”
রুদ্ধদ্বার এই কর্মশালায় উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত রয়েছেন। আরও আছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও।
কর্মশালার শুরুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন।
দুই দিনের কর্মশালায় প্রথম দিনে সকালের পর্বে আছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা।
বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একাংশ এবং পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন।
আগামী ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বেলা ১১টায়। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। সেদিনই সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন।

কেন এই কর্মশালা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হন যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মত সংসদে এসেছেন। ফলে নতুন এমপিদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালী সম্পর্কে অভিজ্ঞতা নেই।
বিএনপির নেতারা বলেছেন, কর্মশালায় সংসদের কার্যপ্রণালী, আচরণ বিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষন, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধানগুলো নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হবে।
অভিজ্ঞ সাংসদরা তাদের অভিজ্ঞতা নতুনদের কাছে তুলে ধরবেন। সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য।
এই অধিবেশনকে সামনে রেখে বিএনপি তার সাংসদদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ সাংসদরা এই প্রশিক্ষক কর্মশালায় সংসদ কার্যকর করতে সংসদের সাংসদ ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব এবং ভূমিকা কী হবে তা তুলে ধরবেন।
বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, এই কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকায় সমস্যা কীভাবে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের কী বিষয়ে আলোচনা করতে হয়, সংসদ অধিবেশনে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে দলের দিক নির্দেশনা দেওয়া হবে।