১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদার গাড়িবহরে হামলা: সাবেক ছাত্রলীগ নেতা পল্লবের ৫ দিনের রিমান্ড

এ মামলারি আসামির তালিকায় শেখ হাসিনাও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের সাবেক নেতা রেদওয়ানুন মীর পল্লবকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মনিরুল ইসলাম।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই হাসানুজ্জামান পল্লবের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ঠিক করে। 

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি হারুন অর রশীদ রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে তার আইনজীবী হায়দার আলী হাওলাদার রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। শুনানি শেষে বিচারক পল্লবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী।

মামলা বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় শুনতে খালেদা জিয়া বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা হন। এসময় তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে সেখানে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর সেলিম হোসেন রানা আদালতে মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১০৬ জনকে আসামি করা হয়।