Published : 20 May 2026, 11:03 PM
রাজধানীতে শিশু রামিসাকে হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে দাবি করে বিরোধী দল জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে ধর্ষক ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।
সমাবেশ দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “একটি দলের নেতাকর্মীদের যৌন লালসায় দেশের নারী-শিশুর জীবন হুমকির মুখোমুখি। বর্তমান সরকারের আমলে এতবেশি নারী-শিশু ধর্ষিত হচ্ছে যে, তখন আর বুঝতে বাকি থাকে না এই সরকারের আমলে নারী-শিশু নিরাপদ নয়।
“এসব ঘটনায় সরকারের পক্ষ থেকে আইনগত, এমনকি বিএনপি দলীয়ভাবেও কোনো ব্যবস্থা নেয়নি। এরই ধারাবাহিকতায় সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজি করে যাচ্ছে সরকারদলীয় নেতাকর্মীরা। এসব অপরাধ নিয়ন্ত্রণে বা দমনে সরকারের কোনো অভিযান বা পদক্ষেপ নেই। ফলে সামাজিক অপরাধ বেড়েই চলছে।”
পল্লবীতে শিশু রামিসাকে হত্যার ঘটনাকে ‘মানবতার নিকৃষ্ট উদাহরণ’ হিসেবে বর্ণনা করে গোলাম পরওয়ার বলেন, “রামিসা হত্যায় পুরো জাতি ব্যথিত হলেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ব্যথিত নন। আইনশৃঙ্খলার চরম অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। বিভিন্ন দেশের মন্ত্রীরা ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করলেও আমাদের মন্ত্রীরা দায় চাপানোর রাজনীতি করেন।”
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল সভাপতিত্ব করেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট-পল্টন মোড় প্রদক্ষিণ করে বিজয়নগর মোড়ে এসে শেষ হয়।