Published : 03 Aug 2026, 05:26 PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ শিগগির সক্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক জানতে চান, ৫ অগাস্ট ঘিরে আওয়ামী লীগ তৎপর হয়ে উঠতে পারে কি না?
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না।
“একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি; তারা মাঝে-মধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।”
গণঅভ্যুত্থানের পর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দাবির মুখে ২০২৫ সালের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
সম্প্রতি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ আসে শেখ হাসিনার এক বক্তব্যকে ঘিরে। গেল মাসে রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী ডিসেম্বর নাগাদ তিনি দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তার সঙ্গে দলের অন্যান্য জ্যেষ্ঠ ফিরবেন বলেও আভাস দেন শেখ হাসিনা।
এর মধ্যে রোববার ইন্ডিয়া টুডে জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন।
আগামী ৫ অগাস্ট নয়া দিল্লিতে ওই ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে; যে দিনটিতে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগের তৎপরতা নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে কি না?
জবাবে সালাহউদ্দিন বলেন, “বিষয়টি এমন নয়। পুলিশ বাহিনীর মধ্যে একটা সবসময় চালু থাকে আনঅ্যাটেন্ডেন্ট কোন কিছু না থাকে, কোন ভ্যাহিকেল না রাখে।
“টিমের পুরো সদস্য যেন এক সাথে চা না খেতে যায়, গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে, সবাই যেন সতর্ক থাকে; এটা নরমাল প্রাকটিস।“
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জামিনে মুক্ত হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বিষয়টায় জানার পরে—আমাদের নিয়োজিত যে ল ফার্ম আছে, তাদেরকে বিষয়টা জানিয়েছি। ইউএই অ্যাম্বাসেডরের সাথে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন। উনার (বেনজীর) সহধর্মিণী তারা হয়তো আছেন।
“কী কী শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে—ইউএই না ছাড়ার শর্ত তো একটা শুনেছি, অন্যান্য শর্ত কী আছে—সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপ্যাট্রিয়েশনের জন্য, যা যা কাগজপত্র আমরা পাঠাই, সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য; সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে, তারা আদালতে পিটিশন দাখিল করে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়েরি আইনের ছাত্র সালাহউদ্দিন আহমদ বলেন, “আদালতের বিষয়ে পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফাইড কপি তুলে কথা বলবে এবং আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়।
“কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। কিন্তু প্রক্রিয়া তো চলছে! কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেজন্য সে আদালতে গিয়েছে। কূটনৈতিক প্রক্রিয়াতেই আমরা ফেরত আনার চেষ্টা করছি।”
উল্টা রথযাত্রার দিন গত ২৪ জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রথযাত্রা এবং উল্টো রথযাত্রা—এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল। কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে।
“তবে দুর্ভাগ্যজনকভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ জিনিস পাওয়া যায়—একটা ছাতার মধ্যে…
“এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কি না।”
এরপরে আশুলিয়াতে বোমা উদ্ধার হয়েছে জানিয়ে তিনি বলেন, “সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরণ করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কি না, সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে।
“তবে আগের সময়ের তুলনায়, যদি আমরা তুলনামূলক বিবরণী দেই—একই সময়ে এই বিষয়গুলো কীরকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটাই কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আরকি—আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে—আমাদের স্পেশাল টিম আছে, তারা এ ব্যাপারে সতর্ক আছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের বাংলাদেশ সফরে এসে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, “সার্জিও গোর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কল অনের পরেই নিজেই তো স্টেটমেন্ট দিয়েছেন যে, তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী এবং আস্থাশীল।
“এবং যুক্তরাষ্ট্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে অগ্রগতি সাধিত হবে—তিনি আশা প্রকাশ করেছেন; এটা তার মুখেরই কথা।”