Published : 17 Nov 2025, 12:10 AM
রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘আমি পুরোপুরি রাজনীতি থেকে অবসর নিয়েছি। এখন আমি কোনো কিছুতে নেই।”
হঠাৎ কেন এ অবসর জানতে চাইলে কূটনীতি থেকে রাজনীতিতে নাম লেখানো শমসের মবিন বলেন, ‘‘শারীরিক ও স্বাস্থ্যগত কারণে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।”
এদিন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের কাছে এক পত্রে অবসরে যাওয়ার কথা জানান শমসের মবিন।
তার এ সিদ্ধান্ত রোববার থেকেই কার্যকর হওয়ার কথা বলেছেন তিনি।
এ নিয়ে শমসের মবিন দ্বিতীয়বার রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন।
এর আগে ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরীর রাজনীতি শুরু বিএনপিতে যোদ দেওয়ার মধ্য দিয়ে। দীর্ঘদিন তিনি দলটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।
পরে ২০১৫ সালের ২৮ অক্টোবরে বিএনপি থেকে পদত্যাগ করে যোগ দেন তৃণমূল বিএনপিতে। রোববার এ দল থেকে অবসরে যাওয়ার চিঠি দিলেন তিনি।
মহাসচিবকে লেখা চিঠিতে শমসের মবিন বলেন, “শারীরিক কারণে আমি, শমসের এম চৌধুরী, রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে তৃনমূল বিএনপির সকল পদ থেকে আমি পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর থেকে কার্যকর হইল।”
চিঠিতে তিনি তার সিদ্ধান্ত দলের সংশ্লিষ্টদের এবং সংবাদমাধ্যমে জানানোর অনুরোধ করেন।
যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলানো শমসের মবিন ১৯৭১ সালে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে ছিলেন। মেজর পদে থাকা অবস্থায় তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
পরে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তাকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৫ সালে তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুই বছর দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান।
২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন সমশের মবিন চৌধুরী। ওই সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি।
২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়।
২০১৫ সালের শুরুর দিকে বিএনপি ও শরিকদের টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার মামলায় গ্রেপ্তার হন শমসের মবিন। ওই বছরের মে মাসে জামিনে মুক্তি পেলেও এরপর আর তাকে রাজনীতিতে সক্রিয় হননি।
অবসর ভেঙে ২০১৮ সালে একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশে যোগদান করেন শমসের মবিন চৌধুরী এবং সিলেট-৬ আসন থেকে তিনি নির্বাচন করেন।
পরে বিকল্প ধারা থেকে পদত্যাগ করে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার গড়া দল তৃণমূল বিএনপিতে যোগদান দিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন শমসের মবিন।
২০২৪ সালের সালের একতরফা নির্বাচনে তার নেতৃত্বে তৃণমূল বিএনপি অংশ নিয়েছিল। তবে কেউ জয়ী হতে পারেনি।
আরও পড়ুন