Published : 11 Mar 2026, 11:59 AM
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল।
সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
চিফ হুইপ নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালকে প্রথম অধিবেশন। প্রস্তুতির অংশ হিসেবে আজকের এই বৈঠকে।”
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে বৃহস্পতিবার বেলা ১১টায়। এদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন ভাষণ দেবেন।
বিএনপির এমপি, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, “অন্তবর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো প্রথম অধিবেশনে সংসদে উপস্থাপিত হবে। এছাড়া শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।”
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি।
১৭ ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। সেদিন বিকালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
৩০০ আসনের জাতীয় সংসদে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন পেয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সব প্রস্তুতি গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়। সংসদ অধিবেশনের কক্ষ, স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতার কক্ষ ঠিকঠাক করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে জাতীয় সংসদ ভবনও আক্রান্ত হয়। ফলে সব কিছু সংস্কার করতে হয়েছে সংসদ সচিবালয়কে।