হাদি হত্যাচেষ্টা নিয়ে মন্তব্য: সিইসির কাছে ব্যাখ্যা চান জামায়াত আমির
“আপনার বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছে, তা দূর করার দায়িত্ব আপনার,” বলেন তিনি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলা ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন যে মন্তব্য করেছেন, সেটার ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
জামায়াত আমির বলেছেন, সিইসির ব্যাখ্যায় যদি ক্ষোভ দূর না হয়, তাহলে এ জাতি নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে মহান বিজয় দিবস আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান, তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি, আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়, বক্তব্যের বিষয় জাতির সামনে এসেছে। জাতি তার এই বক্তব্য মোটেও ভালোভাবে নেয়নি।”
শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর সোমবার তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে।
এদিন সকালে গুলশানের এক অনুষ্ঠানে হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে মন্তব্য করেন সিইসি এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই একটা খুন-খারাবি হয়। এই যে হাদীর একটা ঘটনা হয়েছে। আমরা এগুলা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময় ছিল।”
এরই মধ্যে সিইসির এ মন্তব্যের সমালোচনা করেছেন কেউ কেউ। সিইসিকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
এ ধরনের মন্তব্য করায় সিইসির পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এরই ধারাবাহিকতায় সিইসির মন্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াতের আমির শফিকুর রহমান।
তিনি, “আমি তাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। আপনার বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছে, তা দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি যে সম্পর্শকাতর জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি, এটা আপনাকেই প্রমাণ করতে হবে।”
সিইসিকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি অনুরোধ করব, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। তাহলে জাতি যদি কোনো দুঃখ পেয়ে থাকে, হয়তো দূর হবে, না হলে জাতি সিদ্ধান্ত নেবে— দুইটার যেকোনো একটা হবে।”
হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করায় সরকারকে সাধুবাদ জানান জামায়াত আমির। কিন্তু আইনশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনাও করেন তিনি।
শফিকুর রহমান বলেন, “এরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর মুখে চলে যাবে, তারপর সরকার নড়াচড়ে বসবে- আমরা এটাও চাই না।”
হাদির ওপর হামলার ঘটনায় কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন। সোমবার এ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।
এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আজ অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয়, বরং দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন ৫ অগাস্ট বারবার ফিরে আসবে।”
তিনটি শর্ত মানলে ‘সবাইকে নিয়ে’ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।
“নাম্বার ওয়ান, যারাই আমাদের সঙ্গে আসবেন, তাদের প্রকাশ্যে অঙ্গীকার করতে হবে, তারা দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। নাম্বার টু, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতে কোনো দল বা ব্যক্তি বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার থ্রি, সংস্কারের সব প্রস্তাব বাস্তবায়নে সহযোগী হতে হবে।”
জামায়াত ইসলামী ‘অতীত নিয়ে’ পড়ে থাকতে চায় না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।
তিনি বলেন, “আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, এটি কখনো গতিশীল জাতির পরিচয় বহন করে না। আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্ত দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।
“আমরা এটাও চাই না যে, আমাদের জাতির ওপর বাইরে থেকে কেউ এসে খবরদারি করুক, দাদাগিরি করুক। এটা আমরা বরদাসত করব না। ৫৪ বছর আমাদের ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে তুলে নিয়ে, বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই।”
