Published : 03 Jan 2026, 12:02 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৩ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে৷
বাতিল হয়েছে চার জনের মনোনয়নপত্র। আর তিন জনের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী।
শনিবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থী/সমর্থক/প্রস্তাবকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত দেন।
তিনি বলেন, “ঢাকা-১৩ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে চারটি বৈধ, চারজনের মনোনয়নপত্র বাতিল ও তিনজনের প্রার্থিতার বিষয়ে দুপুরে সিদ্ধান্ত দেওয়া হবে"
রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী ঘোষিত সিদ্ধান্তে বৈধ হয়েছেন- স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন ও ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়ার মনোনয়নপত্র।
বাতিল হয়েছে-স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণ অধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান।
খেলাফত মজলিসের মামুনুল হক ও বিএনপি প্রার্থী (এনডিএম এর সাবেক চেয়ারম্যান) ববি হাজ্জাজ ও আমজনতার দলের রাজু আহমেদের মনোনয়নপত্রের ছোটখাটো ত্রুটি সংশোধন সাপেক্ষে দুপুরের পর সিদ্ধান্ত দেবেন রিটার্নিং কর্মকর্তা।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।