১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ‘নির্বাচনের টার্নিং পয়েন্ট’: পরওয়ার

“শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামী পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া,” বলেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ ‘নির্বাচনের টার্নিং পয়েন্ট’: পরওয়ার
ঢাকা মহানগর উত্তর জামায়াতের বিশেষ সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

আগামী সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে জামায়াতে ইসলামীর নেতাদের কাজ করার আহ্বান জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ হল তার ‘টার্নিং পয়েন্ট’। 

এখন থেকে সবাইকে ভূমিকা রাখার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার বিশেষ সদস্য (রোকন) সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, জামায়াতকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে, কারণ ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ ‘সবার চাওয়া-পাওয়া’।

বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

জামায়াতের মহানগর নেতারা দাবি করেছেন, দলটির এই বিশেষ সদস্য সম্মেলনে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ১০ হাজার পুরুষ ও মহিলা রোকন সদস্য অংশ নিয়েছেন করেছেন।

রাষ্ট্র সংস্কারে আলোচনা চলার মধ্যে ২০২৬ সালের ফ্রেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আভাস মিলেছে। জুন মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণা এ আভাস দেওয়া হয়।

এরপর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশে ইসলামপন্থি দলগুলোর জোটবদ্ধ নির্বাচনের সুর শোনা গেছে, সেখানে জামায়াত নেতা গোলাম পরওয়ারও অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন।

শুক্রবার দলের এই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে। 

“শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া।”

এই আকাঙ্ক্ষা সামনে রেখে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচির বার্তা দিয়ে তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সম্মেলন হল তার টার্নিং পয়েন্ট। তার সফল বাস্তবায়নে এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।”

ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে মহানগরী উত্তরের নায়েবে আমীর আ. রহমান মুসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত।