দেশে ফিরেছেন ফখরুল
বড় মেয়ে শামারুহ মির্জাকে দেখতে গত ১০ অক্টোবর অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি।
দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলে জানিয়েছেন মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী।
গত ১০ অক্টোবর বড় মেয়ে শামারুহ মির্জাকে দেখতে ক্যানবেরায় যান মির্জা ফখরুল। স্বামীসহ পরিবার নিয়ে ২০০৬ সাল থেকে তিনি সেখানেই থাকছেন।
দেড় মাস আগে ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন।
শুক্রবার তাকে নিয়ে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব।
তাদের বড় মেয়ে শামারুহ অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে কর্মরত আছেন।
মির্জা ফখরুল দম্পতির দুই মেয়ে। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।
