পিআর পদ্ধতিতেই ভোট চায় জামায়াত
দলটির সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে দলটি।
নির্বাচনের আগে সব দলের সমান সুযোগ নিশ্চিত এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) ভোট আয়োজনে দলের আগের অবস্থানে থাকার কথা আবারও বলেছে জামায়াতে ইসলামী।
দলটির সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে এমন সিদ্ধান্ত হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে জামায়াতে ইসলামী।
সোমবার বেলা ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় তার সভাপতিত্বে এ বৈঠক হয়।
এতে নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
হৃদযন্ত্রের অস্ত্রোপচারে দীর্ঘ একমাস বিশ্রামে থাকার পর প্রথমবারের মত সাংগঠনিক কাজে যোগ দিলেন জামায়াত আমির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং এর আলোকে আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
