‘আহতদের কেউ না থাকায়’ পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক
ওসমান হাদির কবর জিয়ারতের পর তারেক রহমান নির্বাচন কমিশনে যাবেন ভোটার তালিকাভুক্ত হতে।
জুলাই আন্দোলনে আহতদের দেখতে বিএনপি নেতা তারেক রহমানের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
বিএনপির মিডিয়া সেল শনিবার সকালে এক ফেইসবুক পোস্টে জানিয়েছে, আহত কেউ আর হাসপাতালে ‘না থাকায়' তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওই কর্মসূচি বাতিল করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে বেলা পৌনে ১১টার দিকে গুলশানের বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে রওনা হয়েছে তারেকের গাড়িবহর।
গত ২০ ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাদিকে সমাহিত করা হয়।
হাদির কবর জিয়ারতের পর ভোটার তালিকাভুক্ত হতে এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কাজ সারতে তারেক যাবেন নির্বাচন
কমিশনে।
সেখান থেকে তার পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা ছিল জুলাইয়ের আহতদের দেখতে, সেই কর্মসূচি এখন বাতিল করা হল।
দেড় যুগের নির্বাসন ভেঙে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক। শুক্রবার তিনি শেরেবাংলা নগরে তার বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত
করেন। পরে রাতে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের
প্রতি শ্রদ্ধা জানান।
