১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটার তালিকায় তারেক রহমান

দেশে ফেরার পর শনিবার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সারেন তিনি।

ভোটার তালিকায় তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার নির্বাচন কমিশনে ভোটার তালিকায় নাম নিবন্ধন করান। এ সময় তিনি আইরিসের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব বায়োমেট্রিক তথ্য দেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

নিবন্ধনের আনুষ্ঠানিকতা সারার পরদিনই ভোটার তালিকায় নাম উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক রোববার বিকালে বলেছেন, “জনাব তারেক রহমান সাহেবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।“

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসিতে আরও চার সদস্য রয়েছে। তাদের সম্মতিতে বিএনপি নেতার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গৃহীত হলো।

সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে। ২৫ বছর বয়সি ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারেন।

শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন তারেক রহমান।

এরপর ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকায় নাম তুলতে বিএনপি নেতা শনিবার আনুষ্ঠানিকতা সারলেও তালিকায় অন্তর্ভুক্ত হতে সময় লাগবে একদিন।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি।

তবে চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হন।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম তুলেছেন।