Published : 12 Aug 2026, 10:50 PM
দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে আগ্রহী প্রার্থীরা প্রার্থীর মনোনয়নপত্র জমা দেবেন বৃহস্পতিবার।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এএমএম নাসির উদ্দিনের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
ইসি সচিব আখতার আহমেদ বুধবার বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে সিইসির কার্যালয়ে নির্বাচনি কর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থী, প্রস্তাবক বা সমর্থক—তিনজনের যে কোনো একজন উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
ইতোমধ্যে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে দুটো মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র সকাল ১১টার দিকে জমা দেওয়ার কথা রয়েছে। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের পর জমা দেওয়া হবে।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, “দুপুরে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে যাব।”
মনোনয়নপত্রে যা থাকে
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্রে প্রস্তাবক, সমর্থক ও প্রার্থীর তথ্য এবং নির্বাচনি কর্মকর্তার জন্য নির্ধারিত অংশ রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, একজন সংসদ সদস্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্য কোনো ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারেন। মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যের প্রস্তাবক হিসেবে এবং আরেকজন সংসদ সদস্যের সমর্থক হিসেবে স্বাক্ষর থাকতে হয়। একই সঙ্গে প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরিত বিবৃতিও থাকতে হয়।
মনোনয়নপত্রের প্রথম পৃষ্ঠায় প্রস্তাবক ও সমর্থকের নাম, সংসদীয় আসন ও বিভক্তি নম্বরসহ স্বাক্ষরের অংশ থাকে।
দ্বিতীয় পৃষ্ঠায় প্রার্থীর সম্মতিসূচক ঘোষণা ও যোগ্যতা-সংক্রান্ত বিবৃতি। তৃতীয় পৃষ্ঠায় মনোনয়নপত্র গ্রহণ, যাচাই এবং সংশ্লিষ্টদের উপস্থিতি-সংক্রান্ত অংশ রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন ২০ অগাস্ট
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন।
সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। স্পিকারের সঙ্গে আলোচনা করে সিইসি এএমএম নাসির উদ্দিন ৬ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী—
• মনোনয়নপত্র দাখিল: ১৩ অগাস্ট, সকাল ১০টা থেকে বিকাল ৪টা
• মনোনয়নপত্র বাছাই: ১৬ অগাস্ট, সকাল ১০টা থেকে বাছাই শেষ না হওয়া পর্যন্ত
• প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ অগাস্ট, বিকাল ৪টা
• ভোট: ২০ অগাস্ট, দুপুর ২টা থেকে বিকাল ৫টা
ভোট হবে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে। সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার।
ইসি জানিয়েছে, ২০ অগাস্টের ভোটে সংসদ সদস্যরা ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে নিজেদের পূর্ণ নাম, স্বাক্ষর ও বিভক্তি নম্বর লিখে ভোট দেবেন। ভোট গ্রহণ শেষে সংসদ কক্ষেই গণনা করে প্রাথমিক ফল ঘোষণা করা হবে এবং পরে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সংসদ সদস্য রাষ্ট্রপতি হলে আসন শূন্য
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য বর্তমান সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। তবে প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে।
সংবিধান অনুযায়ী, অভিশংসনের মাধ্যমে আগে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন না।
কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে। ২০১৩ সালে তৎকালীন স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসন শূন্য হয়েছিল। পরে ওই আসনে ৩ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
পুরনো খবর
রাষ্ট্রপতি নির্বাচন: ভোটার তালিকা পেল ইসি