Published : 26 Aug 2026, 04:28 PM
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, মশিউর রহমান, আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শামা ওবাযেদ, আবদুস সালাম আজাদ, জহির উদ্দিন স্বপন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, রুমিন ফারহানা, শাম্মী আখতার, সাইফুল আলম নিরব, মহানগর বিএনপির রফিকুল হক, রফিকুল আলম মজনু, যুব দলের সুলতান সালাহ উদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিএনপির অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাপ্রধান হন।
৭ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর তিনি শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন; ১৯৭৬ সালের ২৯ নভেম্বর তিনি হন প্রধান সামরিক আইন প্রশাসক।
সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। তবে সে দল তখন দেশের রাজনীতিতে নাড়া দিতে পারেনি।
ওই বছর ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে 'জাতীয়তাবাদী ফ্রন্ট' ঘোষণা করা হয়। সেনাবাহিনী প্রধানের পদে থেকে পুরাদস্তুর রাজনীতিবিদ বনে যান জিয়া। ৩ জুন নির্বাচন দিয়ে ওই 'জাতীয়তাবাদী ফ্রন্ট' থেকে প্রার্থী হয়ে তিনি ‘নির্বাচিত’ রাষ্ট্রপতি হন।
নির্বাচনের তিন মাসের মাথায় ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার আগ পর্যন্ত জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ২০১০ সালে সপ্তম সংশোধনী বাতিলের রায়ে জিয়ার ক্ষমতাগ্রহণকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত।
প্রতিষ্ঠার ৪৪ বছর উদযাপনে দুই দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। এর অংশ হিসেবে সকালে নয়া পল্টন ও গুলশানে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা হবে। শুক্রবার বেলা আড়াইটায় গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে হবে আলোচনা সভা।