২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোটের প্রচারে চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ ২৫ জানুয়ারি

নগরীর পলোগ্রাউন্ড মাঠ উপযুক্ত করার কাজ শুরু করেছে মহানগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 01:19 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

নির্বাচনি প্রচার চালাতে ঢাকার বাইরে দ্বিতীয় সফরে চট্টগ্রামে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২৫ জানুয়ারি নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এজন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি প্রস্তুতি শুরু করেছে।

এর আগে রোববার চট্টগ্রামে আসার কথা ছিল তারেক রহমানের। জমিয়াতুল ফালাহ মসজিদে তার মা প্রয়াত খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা ছিল তার। পরে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর বাতিল করা হয়।

এদিকে ২৫ জানুয়ারির মহাসমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপি সভা করেছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় চট্টগ্রামের ১৬ আসনের দলীয় প্রার্থীদের নিয়ে সভা ডাকা হয়েছে।

বিএনপির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় প্রধানের সফরের প্রস্তুতি হিসেবে আহ্বায়ক কমিটির সভার পর এখন বর্ধিত সভা হবে এবং বিভিন্ন থানা ওয়ার্ডে প্রস্তুতি সভাও হবে।

দুই দশকেরও বেশি সময় পরে তারেক রহমান চট্টগ্রামে আসছেন তুলে ধরে মহানগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি (তারেক রহমান) চট্টগ্রামবাসীর উদ্দেশে গুরুত্বর্পূণ বক্তব্য দেবেন এবং চট্টগ্রাম নিয়ে তার ‘ভবিষ্যৎ প্ল্যান‘তুলে ধরবেন।  

বিএনপি নেতারা বলেন, মহাসমাবেশের জন্য পলোগ্রাউন্ড মাঠ উপযুক্ত করার কাজ শুরু হয়েছে।