১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কামাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়লে তাকে শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 09:52 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

প্রবীণ আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, গণফোরামের প্রতিষ্ঠাতা কামাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

নিউমোনিয়ায় আক্রান্ত কামাল হোসেনকে শুক্রবার ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার রাতে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড. কামাল হোসেনের শারিরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতির দিকে। যার কারণে আজকে (রোববার) বিকালে এইচডিও থেকে কেবিনে দেওয়া হয়েছে। আমি হাসপাতালে গিয়েছিলাম, ওনার শারীরিক খোঁজখবর নিয়েছি।”

এর আগে কামাল হোসেনের নিউমোনিয়া ধরা পড়ার তথ্য দিয়ে মিজানুর রহমান বলেছিলেন, “ওনার শারিরিক অবস্থা খুবই দুর্বল। উনার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।"

কামাল হোসেন সর্বশেষ বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন।

সেখানে ভিআইপি ফটক দিয়ে প্রবেশ করতে না দেওয়ায় তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে মন্তব্য করেছিলেন গণফোরামের এই নেতা।

গত ৯ সেপ্টেম্বর নানা অসুখ ও বার্ধক্যজনিত জটিলতা নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামাল হোসেন। সেবার তার ইউরিনারি ব্লাডারে একটি অস্ত্রোপচার হয়।

৮৮ বছর বয়সী কামাল হোসেন নামকরা আইনজীবী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনি পরামর্শক ও আর্বিট্রেটর। পেট্রোলিয়াম নীতিসহ বিভিন্ন বিষয়ে তিনি কয়েকটি দেশের সরকারকে পরামর্শ সেবা দিয়েছেন।

১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কামাল হোসেন। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধুর সরকারের আইনমন্ত্রী, পরে পররাষ্ট্রমন্ত্রী ও তেল ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯২ সালে তার হাত ধরে আত্মপ্রকাশ করে গণফোরাম। কামাল হোসেন তার পাঁচ দশকের রাজনৈতিক জীবনের ইতি টানেন ২০২৩ সালের ২৭ অক্টোবর।

সবশেষ ২০২৪ সালে দলের নতুন কমিটিতে কামাল হোসেনকে এমিরেটাস সভাপতি বানানো হয়। মোস্তফা মোহসীনকে করা হয় সভাপতি; সাধারণ সম্পাদক হন মো. মিজানুর রহমান।