Published : 03 Aug 2024, 09:55 PM
একেক পর এক আক্রমণের মুখে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ফেইসবুক পেইজ কিছু দেশে না দেখার ব্যবস্থা করা হয়েছে। আর ফেইসবুক পেইজ ও প্রোফাইল ফিরে পেতে মেটার কাছে আবেদন করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদ্দাম হোসেনের ফেইসবুক প্রোফাইল; শেখ ওয়ালী আসিফ ইনানের ফেইসবুক প্রোফাইল ও পেইজ বন্ধ করাসহ ছাত্রলীগের একাধিক নেতার প্রোফাইলে রিপোর্ট ও হ্যাক করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “কপিরাইট ক্লেইমে ১৮ তারিখ সাদ্দাম ভাইয়ের আইডি বন্ধ করা হয়, ইন্টারনেট চালু হওয়ার পর জানতে পেরেছি। পেইজটাও কালকে ডাউন করার চেষ্টা করা হয়েছিল, তারপর বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে লক করে রেখেছি আমরা।
“প্রচুর রিপোর্ট করা হচ্ছে, তার প্রোফাইল পিকচারেও রিপোর্ট করে বলা হয়েছে, ‘এটা ভুয়া ছবি’।”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ১৫ জুলাই সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে শিক্ষার্থী-পথচারীসহ ছয়জনের প্রাণ যায়।
পরদিন রাত থেকে দুই সপ্তাহ ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টিকটক বন্ধ ছিল। পরে ৩১ জুলাই বেলা ২টার পর থেকে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের চালু হয়।
এছাড়া ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। আর ১০ দিন পর ২৮ জুলাই চালু হয় মোবাইল ইন্টারনেট। ধীরগতির ইন্টারনেট ফিরলেও বন্ধ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
বন্ধ হওয়া ফেইসবুক পেইজ ও প্রোফাইলগুলো ফিরে পেতে ফেইসবুকের কাছে আবেদন করলে কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পেয়েছে ছাত্রলীগ। তবে তারা উত্তরের অপেক্ষা করছেন বলে জানান মেফতাহুল ইসলাম পান্থ।
“প্রতিদিনই চেষ্টা করা হচ্ছে, প্রতিদিনই আপিল করছি আমরা।”
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ফেইসবুক প্রোফাইল কয়েকদিন আগে আর পেইজ গত রাতে বন্ধ করা হয়েছে।
“সরিয়ে দিয়েছে এমন না, রিপোর্ট করার ফলে সাময়িকভাবে বন্ধ হয়েছে। আমাকে রিভিউর সুযোগ দেওয়া হয়েছে, রিভিউ করেছি। আশা করি খুব দ্রুতই সচল করতে পারব।”
কারা তাদের ফেইসবুক প্রোফাইল বন্ধ করার চেষ্টা করছে জানতে চাইলে মেফতাহুল ইসলাম পান্থ বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে; যারা ছাত্রলীগ কর্মী এবং সত্যের পক্ষে যারা পোস্ট দিচ্ছে তাদের আইডিগুলো বন্ধ বা রিপোর্ট করার চেষ্টা হচ্ছে।
“শুধু আন্দোলন হলে ধরে রিপোর্ট করার কথা না। আমাদের কেন্দ্রীয় কমিটিরও অনেকের আইডিতে রিপোর্ট এবং আমার ফেইসবুক আইডিও গতকাল হ্যাক করার চেষ্টা করা হয়েছে। আমাদের ফোনে অনেক ওটিপি আসছে, স্প্যাম লিঙ্ক পাঠাচ্ছে। আমরা সংঘর্ষের ফাঁদ এড়াতে চাচ্ছি।”
কোটা আন্দোলনের মধ্যে সহিংসতা শুরু হলে ছাত্রলীগের ফেইসবুক পেইজ হ্যাক করার খবর আসে, পরে তা পুনরুদ্ধার করা হয়।