মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, আটক ২
‘পূর্ব শত্রুতার জেরে’ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা করা হয়, বলেন ওসি।
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় যুবদলের এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
রাকিব হোসেন বিশাল নামে ওই কর্মীক গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাবর রোডের জহুরী মহল্লায় বায়তুল তাইয়্যেব মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন।
এ ঘটনায় মো. নাঈম ও মো. রাজিব নামে দুইজনকে আটক করার তথ্য দেন তিনি।
ওসি বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে’ ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে জখম করা হয়েছে।
“ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। আহত রাকিব হোসেন বিশাল আদাবর থানা যুবদল রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।”
