Published : 17 Dec 2025, 09:20 PM
দ্বাদশ সংসদ নির্বাচনের সব প্রার্থীকে এবারের ভোটে অযোগ্য ঘোষণা করতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) লিগ্যাল নোটিস দেওয়ার কথা বলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধাবার নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ নোটিস দেন।
এদিন সংগঠনটির সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে রিফাত রশিদ বলেন, “যারা ‘ডামি’ দ্বাদশ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, তাদের এবার নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। আমরা লিগ্যাল নোটিস দিয়েছি। এটা প্রাথমিক পদক্ষেপ, নইলে আমরা কোর্টে যাব। রাজপথেও আমাদের দাবি চলমান থাকবে।”
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটের অনিয়ম তদন্ত কমিশনের সঙ্গেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাক্ষাত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার দাবি তুলবে বলে জানাবে তিনি।
গত তিন নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে প্রতিনিধি দলের সদস্য হাসিব আল ইমরান বলেন, “চব্বিশের নির্বাচনে যারা অংশ নিয়েছে, যারা ডামি প্রার্থী ছিল, তারা যাতে ছাব্বিশের এ নির্বাচনে প্রার্থী হতে না পারে, সে বিষয়ে আমরা উদ্বেগ জানিয়েছি, লিগ্যাল নোটিস দিয়েছি। প্রয়োজনে রাজপথে তুমুল আন্দোলন গড়ে তুলব।”
নোটিসে বলা হয়, ২০২৪ সালের ভোটের প্রার্থীদের এবারের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিতে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।