২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, “অন্তবর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 01:18 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা করেছেন এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার এ রিট আবেদন করেন।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ রেখে গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিলের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে তার আবেদনে। 

সেই সঙ্গে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে বিবাদী করা হয়েছে।

চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, “অন্তবর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে।”