০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচার: ‘নাগরিক টিভি’ নামের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা

মামলাটি দায়ের করেছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক মো. আরিফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 03:22 PM

Updated : 19 Jun 2023, 03:22 PM

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ‘নাগরিক টিভি’ নাম দিয়ে কানাডা থেকে পরিচালিত ইউটিউব ও ফেইসবুক অ্যাকাউন্টধারী এবং তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক মো. আরিফুল ইসলাম ওই চ্যানলের পরিচালনাকারী নাজমুস সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে চট্টগ্রামের চকবাজার থানায় এই মামলা করেছেন বলে তথ্য মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

মামলার এজাহারে বলা হয়েছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে ‘হেয় প্রতিপন্ন করা এবং মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কু-মানসে’ তার পরিবারের সদস্যদের জড়িয়ে অসত্য তথ্য দিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে’ ওই ইউটিউব ও ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চালানো হচ্ছে। 

অভিযোগে বলা হয়, “নাগরিক টিভি নামের ওই ইউটিউব ও ফেইসবুক অ্যাকাউন্টে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদের নাম উল্লেখ করে বিনা অনুমতিতে তার ছবি সম্বলিত ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করা হয়; যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।” 

এজাহারে বলা হয়েছে, নাগরিক টিভি ডটকম প্রকৃত অর্থে কোনো টিভি চ্যানেল নয়, একটি ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজ মাত্র। তাদের ওই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সরকার অনুমোদিত প্রকৃত নাগরিক টিভি কর্তৃপক্ষ এরইমধ্যে আসামি পরিচালিত ‘ভুয়া ও অবৈধ নামধারী’ নাগরিক টিভির সঙ্গে ‘কোনো সম্পর্ক নেই’ বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করেছে। 

ভিডিওটি ‘মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ প্রকাশ ও প্রচার করা হয়েছে জেনেও তাতে লাইক, শেয়ার এবং এতে কমেন্ট করে ‘আসামির একই হীন উদ্দেশ্য সাধনের কারণে’ এইচ এম কামাল, আজাদ শাহাদত, সানী প্রধান, সাইফুল ইসলাম তালুকদার, খন্দকার ইসলাম, মো. হাজী হারুন রশিদসহ আরো অজ্ঞাতনামা অপরাধীদের আইনের আওতায় এনে বিচারে সোপর্দ করার আর্জি জানানো হয়েছে মামলায়।