০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বিএনপির মনোনয়ন পেলেন নোমানপুত্র, চট্টগ্রামের দুই আসনে প্রার্থী বদল

তবে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে এখনো বিএনপি থেকে কাউকে মনোনয়ন দেয়নি, বলেছেন মাহবুবের রহমান শামীম।

বিএনপির মনোনয়ন পেলেন নোমানপুত্র, চট্টগ্রামের দুই আসনে প্রার্থী বদল
সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। 

শনিবার দলের তরফে এই আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

এই আসনে এর আগে দল থেকে মনোনয়ন পাওয়া স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। 

একই সঙ্গে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। 

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়েছেন।

তবে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে এখনো বিএনপি থেকে কাউকে মনোনয়ন দেয়নি, বলেছেন তিনি।

এর আগে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় চট্টগ্রাম-১০ আসনে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ছিল। ওই সময় চট্টগ্রাম-১১ আসন খালি রাখা হয়েছিল। 

শেষ পর্যন্ত আমীর খসরুকে তার পুরনো সংসদীয় এলাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হল। এই আসনে তার মনোনয়নপত্র সংগ্রহ না করলেও তার ছেলে ইস্রাফিল খসরুর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছিল।   

বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়ে সাঈদ আল নোমান  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের পক্ষে আমাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। আমি দলের সকলের প্রতি কৃতজ্ঞ এবং এর সম্মান রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।” 

গত ৩ নভেম্বর বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিনকে তখন মনোনয়ন দেওয়া হয়েছিল। 

সেদিন সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন আসলাম অনুসারীরা। এ ঘটনায় তার চার অনুসারীকে দল থেকে বহিষ্কার করা হয়।

তালিকা প্রকাশের পর কাজী সালাহউদ্দিন গণসংযোগ শুরু করেন এবং নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। 

তবে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে। 

তার ব্যক্তিগত তথ্য কর্মকর্তা আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য দিয়েছেন।

গেল রোববার রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, বলেন তিনি।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে মোট ১৫টি আসনে দলের প্রার্থীতা চূড়ান্ত করল বিএনপি। 

ফাঁকা রাখা আসনে দলের পক্ষে প্রার্থী থাকবে নাকি মিত্রদের কাউকে ছেড়ে দেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন।