Published : 29 Dec 2025, 11:18 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি আসনে ১৯৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নামও রয়েছে।
সোমবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা–১৭ আসনের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।
এছাড়া আগারওগাঁওয়ের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা পড়ে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুর রহমানের।
সোমবার ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন হওয়ায় সোমবার সকাল থেকেই সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের ভিড় ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
বিকাল ৫টার মধ্যে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরেও অনেকে মনোনয়ন ফরম জমা দিতে আসেন। তবে তাদের মনোনয়ন ফরম জমা নেওয়া হয়নি। এ নিয়ে শেষ বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হট্টগোলও হয়েছে।
ঢাকা মহানগরীতে ১৫টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ১৩টি আসন ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৪, ঢাকা-১৬, ঢাকা-১৭ ও ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
আর দুটি আসন— ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।
দিনভর মনোনয়ন ফরম জমা শেষে শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, তার আওতাধীন এলাকার ১৩টি আসনে ১৭৪টি মনোনয়ন ফরম জমা পড়েছে।
এর মধ্যে ঢাকা-৪ আসনে মনোনয়ন পত্র জমা পড়েছে ৮টি। ঢাকা-৫ আসনে ১৬টি, ঢাকা-৬ আসনে ৭টি, ঢাকা-৭ আসনে ১৫টি, ঢাকা-৮ আসনে ১২ টি, ঢাকা-৯ আসনে ১৪টি, ঢাকা-১০ আসনে ১৩ টি, ঢাকা-১১ আসনে ১১ টি, ঢাকা-১২ আসনে ১৮টি, ঢাকা-১৪ আসনে ১৩টি, ঢাকা-১৬ আসনে ১৩টি, ঢাকা-১৭ আসনে ১৭টি এবং ঢাকা-১৮ আসনে ১৭টি মনোনয়ন ফরম জমা পড়েছে। এই ১৩টি আসনে ২৬৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
আর ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ইউনূস আলী রাতে জানান, দুই আসনে ২০টি মনোনয়ন ফরম জমা পড়েছে। এর মধ্যে ঢাকা-১৩ আসনে ১১টি এবং ঢাকা-১৫ আসনে ৯টি।
ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে তার প্রতিনিধিরা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিএনপির অন্য প্রার্থীদের মধ্যে এদিন ঢাকা-৮ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন ফরম জমা দিতে দেখা গেছে।
ঢাকা মহানগরীর দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির দুজনকে মনোনয়ন ফরম জমা দিতে দেখা গেছে। তারা হলেন ঢাকা-৭ আসনে যুবদল নেতা ইসহাক সরকার এবং ঢাকা-১৪ আসনে এস এ সিদ্দিক (সাজু)।
এই আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম। তিনি গত রোববার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ওইদিন ঢাকা-১৬ আসনের প্রার্থী আমিনুল হকও মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ঢাকা মহানগরীর ১৫টি আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, সেটি গতকাল রাত ১০টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায়নি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের হিসাব বলছে, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই বিভিন্ন আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সেগুনবাগিছায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে ঢাকা-১৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মীর আহমাদ বিন কাসেম আরমান। আহমাদ বিন কাসেম একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরমান বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে এটি আমাদের প্রথম বিজয়। আমাদেরকে গুম করা হয়েছিল। ফ্যাসিবাদ মনে করেছিল, গুম করার মাধ্যমে আমরা ইতিহাস ও মানুষের মন থেকে হারিয়ে যাব। কিন্তু বাস্তবতা হলো, আমাদের রাজনীতির প্রত্যাবর্তন ঘটেছে।"
এ দিন জামায়াতের ঢাকা মহানগরীর বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে দেখা গেছে। এ ছাড়া শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশেরও অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে সমঝোতার মাধ্যমে ঢাকা-১২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
এই আসনের প্রার্থী সাইফুল হক গতকাল মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দিতে অনেক প্রার্থীকে দলবল নিয়ে বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেতে দেখা গেছে। অনেক প্রার্থীর পক্ষে তার সমর্থকদের স্লোগানও দিতে দেখা গেছে।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক দল অনেক কিছুই করে, এটা তাদের সিদ্ধান্তের বিষয়।”
এটি আচরণবিধি ভঙ্গের পর্যায়ে পড়ে কিনা—এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, “যদি কেউ অভিযোগ করে, তাহলে বিষয়টি নির্বাচন পরিচালনা কমিটিতে জানানো হবে।"
এদিকে এনসিপির প্রার্থীদের মধ্যে অনেকেই সোমবার সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এর মধ্যে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৮ আসনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলামসহ কয়েকজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "ঢাকা-৮ আসনটি একটি ‘মৃত্যু উপত্যকা’। এই মৃত্যু উপত্যকায় আমরা আর কোনো লাশ চাই না।”