সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশজুড়ে জামায়াতের সহিংসতার মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে দেশবাসীর সামনে বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে ফেরার পরপরই দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। তার পর রাতেই সংবাদ সম্মেলনের কথা জানানো হয়।
মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে এক সঙ্কটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতেই বিরোধী দলীয় নেতা এই সংবাদ সম্মেলন ডেকেছেন।”
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে গণজাগরণের মধ্যে আদালতের এই রায় হয়।
রায়ের পরপরই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে জামায়াত শিবির কর্মীরা। সংঘর্ষে বহু হতাহত হয়।
জোটসঙ্গী জামায়াতের এই নেতার মৃত্যুদণ্ডের রায়ে কোনো প্রতিক্রিয়া এখনো জানায়নি বিএনপি। তবে ফাঁসির রায়কে কেন্দ্র করে সারাদেশে হতাহতের ঘটনায় ‘পুলিশ-র্যাব ও ক্ষমতাসীন দলের’ আচরণের নিন্দা জানিয়েছে বিএনপি।
এদিকে জামায়াত আগামী রোব ও সোমবার দেশব্যাপী হরতাল ডেকেছে।
রায়ের সময় খালেদা জিয়া ছিলেন সিঙ্গাপুরে। তিনি চিকিৎসার জন্য গত ১৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা হয় বলে বলে মারুফ কামাল জানান।
তবে বিরোধী দলের নেতার এই সফর নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সভায় বলেন, এই সফরের চিকিৎসার বাইরে অন্য উদ্দেশ্যও রয়েছে; যদিও বিএনপির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
সিঙ্গাপুর থেকে রাত সাড়ে ৮টার দিকে ফেরার পরপরই দলের শীর্ষনেতাদের নিজের গুলশানের কার্যালয়ে ডাকেন খালেদা।
সেখানে রাত পৌনে ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে মারুফ কামাল জানান।
বৈঠকে সিদ্ধান্ত হয়, সাঈদীর রায়ের পর সহিংসতা, উলামা-মাশায়েখদের মিছিলে হামলাসহ সার্বিক বিষয় নিয়ে দেশবাসীর সামনে আসবেন খালেদা জিয়া।
বৈঠকে ছিলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, ওসমান ফারুক, আবদুল মান্নান, আবদুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম প্রমুখ।
