২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যবৃদ্ধিতে হিমশিম খাচ্ছি: জাপা সাংসদ

সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনার শুরুর দিনেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনার শুরুর দিনেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুর রহমান। ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মঙ্গলবার সাধারণ আলোচনায় তিনি ছাড়াও অংশ নেন আওয়ামী লীগের এম এ মান্নান, এনামুল হক, এ এ মারুফ সাকলান, নারায়ণ চন্দ্র চন্দ ও জাসদের শাহ জিকরুল আহমেদ। বিরোধী দলের অনুপস্থিতিতে মহাজোটের এই সব সংসদ সদস্য অবশ্য অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের প্রশংসা করেন। মুজিবুর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে বলেন, “প্রতিদিনই সয়াবিন তেলের দাম ১০ টাকা করে বাড়ছে। ৫ লিটারের তেলের বোতল আজ ৬২০ টাকা, তো কাল ৬৩০ টাকা, আবার পরদিন ৬৪০ টাকা। “এভাবে মূল্য বৃদ্ধির জন্য আমরাই হিমশিম খাচ্ছি। তাহলে দেশের সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে?” জাতীয় পার্টির এই সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা লালমনিরহাটের আওয়ামী লীগের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ, আমি নাকি টিআর-কাবিখা নিয়ে অনিয়ম করি। জামায়াত ও বিএনপিকে সমর্থন দিই। মানুষের কাছ থেকে টাকা নিই। আমি চ্যালেঞ্জ করছি, আমি ১০টা টাকা নিয়েছি এমন প্রমাণ কেউ দিতে পারলে আমি যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেব।” আওয়ামী লীগের মান্নান বলেন, “এই বাজেট বিশাল নয়, সুষ্ঠু অর্থনীতির জন্য এই বাজেটের প্রয়োজন আছে।” “টাকা হচ্ছে সাপ, আর অর্থমন্ত্রী হচ্ছেন সাপুড়ে। এই সাপ যদি খেলাতে না পারেন, তাহলে সাপুড়ে সাপের দংশনে মারা যাবেন। তবে আমাদের সাপুড়ে অর্থমন্ত্রী এ কাজটা ভালোই জানেন,” বলেন তিনি। পদ্মা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে মান্নান বলেন, “সরকারকে বলব, প্রয়োজনে আমাদের সব টাকা কেটে নেন। তারপরও পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেন।” মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও মনে করেন সরকারদলীয় এই সংসদ সদস্য। ভর্তুকির পক্ষেও বলেন তিনি। জাসদের শাহ জিকরুল বাজেটের প্রশংসা করে বলেন, মহাজোটের উন্নয়ন বিরোধী দলের সহ্য হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১০৫ ঘ.