সব ফাঁস করে দাও: পাটওয়ারীকে রাশেদ
রাশেদ খাঁনের অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার রাতে ফোন করে সব ‘ফাঁস’ করে দেওয়ার হুমকি দেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার বিরুদ্ধে যা তথ্য আছে সব ‘ফাঁস’ করে দিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকালে নিজের ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসে রাশেদ খাঁন এই আহ্বান করেছেন। তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনের আগে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দেন। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতিকে নির্বাচন করে তিনি হেরে যান।
স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, “গতকাল (বৃহস্পতিবার) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বলল, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখব। সে উত্তরে বলল, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।
“এরপর রাতে আবার কল করে বলল, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দিব, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন! আমি সব ফাঁস করে দিব।’
“আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও! এরপর বললো, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন! উত্তরে আমি বললাম, আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনদিন নাহিদ-আসিফ থেকে ১ টাকা নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও!
“যাই হোক, গতকাল (বৃহস্পতিবার) তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়ত তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে...’’
এই স্ট্যাটাসের বিষয়ে শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাশেদ খাঁন বলেন, “আমার মতামত আমি স্ট্যাটাসে লিখেছি। নতুন করে মন্তব্য করতে চাই না।”
একই বিষয়ে প্রতিক্রিয়া নিতে ফোন করলে নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাওয়া যায়নি।
