Published : 19 Jul 2025, 06:01 PM
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ কী করেছে বলতে চাই না; ‘গণ কেইস’। তাদের এই দেশে ঢোকার আর কোনো সম্ভাবনা নেই। তারা একেবারেই অপ্রাসঙ্গিক।”
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে কথা বলছিলেন মোহাম্মদ তাহের।
জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ চায় মন্তব্য করে তিনি বলেন, “যারা পুরনো কায়দায় এই দেশে আবার শাসন করতে চায়, জনগণ তাদের সেই সুযোগ দেবে না।”
রাষ্ট্র সংস্কার কার্যক্রম নিয়ে তিনি বলেন, “সংস্কার প্রত্যেকেই বলে মানি। কিন্তু মিটিংয়ে বসলে কেউ কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে।”
আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি তুলে ধরে এ জামায়াত নেতা বলেন, “পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। এই পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেজন্য মতলব পূরণ হবে না।
“যেটা স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, সেটার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা দায়িত্ববান নয়।”
তাহের বলেন, “অনেকে বলেন সংস্কার হচ্ছে, এটার আইনগত ভিত্তি কীভাবে দেব। আগামী সংসদে দেওয়া হবে, তাহলে আপনারা মনে করছেন আগামী সংসদে আপনার জিতবেন। নাকি দখল করবেন?
“জামায়াত ইসলামী চায়, আগামী নির্বাচনে জনগণ জিতবে। জনগণ যাদের ভোট দেবে, তারা জিতবে। বাংলাদেশপন্থিরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষের শক্তি জিতবে।”