১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন

‘কোনো সারবত্তা নেই’ বিবেচনা করে হাই কোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 04:05 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদন হাই কোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে তিনি আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন।

ইউনুছ আলী আকন্দ বলেন, “গতকাল যে রিট আবেদনটি করেছিলাম, তা খারিজ হয়ে যায়। ওই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে অনলাইনে একটি আপিল আবেদন (সিএমপি) ফাইল করেছি।”

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার তার রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।

আদালত বলেছে, রিট আবেদনে কোনো সারবত্তা নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি জাতীয় সংসদের এখতিয়ারে পড়ে বলেও পর্যবেক্ষণ দেয় আদালত।

হাই কোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, ১৯৭২ সালের মূল সংবিধানে থাকা ৭০ অনুচ্ছেদ বিভিন্ন সংশোধনী ও গণভোটের মাধ্যমে অনুমোদিত হয়ে সংবিধানে বহাল রয়েছে। ১৯৯১ সালেও হাই কোর্টের একটি রায়ে ৭০ অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক নয়’ বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।

এছাড়া একই আইনজীবী ২০১৭ সালে ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করেছিলেন, যা ২০১৮ সালে হাই কোর্টে খারিজ হয়ে যায়, সে কথাও রাষ্ট্রপক্ষ তুলে ধরে।

অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর তা পূরণের জন্য সাংবিধানিক বিধান মেনেই নির্বাচনের আয়োজন করা হয়েছে।

গত ১৩ অগাস্ট ইউনুছ আলী আকন্দ হাই কোর্টে তার রিট আবেদনটি দায়ের করেন। সেখানে ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি নির্বাচন কমিশন ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়।