১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলা’ হচ্ছে, দাবি বিএনপির

“চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজির দৌরাত্ম্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে,” বলছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

বন্দর নগরী চট্টগ্রামে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চট্টগ্রাম শহরে চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজেহাল ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করছে বিএনপি। সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এই বিষয়ে একসঙ্গে দুস্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে বিএনপি স্থানীয় প্রশাসনকে আহ্বান জানাচ্ছে।”

বিএনপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “বন্দরনগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। সারা দেশের ব্যবসাবাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকেই। ব্যবসা বাণিজ্যের উন্নতি ও দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অপরিহার্য।

‘‘কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজির দৌরাত্ম্যে শহরটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে। এ ধরনের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতি স্থবির হয়ে পড়বে।”