২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘মিথ্যা’ খবর প্রচার থেকে বিরত থাকুন: কাদের

সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের সময় একজনের মৃত্যুর যে খবর কিছু গণমাধ্যমে এসেছে, তার প্রতিক্রিয়ায় সেতুমন্ত্রীর এ বক্তব্য।

‘মিথ্যা’ খবর প্রচার থেকে বিরত থাকুন: কাদের

ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে মঙ্গলবার জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2022, 05:57 PM

Updated : 15 Nov 2022, 05:57 PM

সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে কেউ নিহত হননি জানিয়ে ‘মিথ্যা খবর’ প্রচার না করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার ঢাকায় তিনি সাংবাদিকদের বলেন, “এভাবে যদি নিউজ করেন পুরোপুরি অবহিত না হয়ে। যদি কেউ মারা যায় সম্মেলনে, সেক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে, আপনারা (সাংবাদিক) খবর নেন।”

সুনামগঞ্জের দিরাইয়ে সোমবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষের সময় আজমল হোসেন চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যুর খবর আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে। পরে আরমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি ‘স্ট্রোক করে’ মারা গেছেন।

মঙ্গলবার ঢাকার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভার পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

তিনি বলেন, “আমাদের একটা উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। বিদ্রোহীরা মঞ্চে বসা... কিন্তু পরবর্তীতে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়েছিল। সকালে পত্র-পত্রিকায় দেখলাম একজন মারা গেছে। এটা মৃত হওয়ার সুবাদে প্রথম পাতায় উঠে আসছে। সম্মেলনের আশেপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটে নাই। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি। এভাবে সম্মেলন নিয়ে নিউজ করা...।”

“সে (আরমান) বাড়িতে ছিল। বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে মৃত। এটাকে এখন, আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে...।”

ওবায়দুল কাদের বলেন, আরমান দুবাই থাকেন। তিনি সম্প্রতি দেশে এসেছেন। আওয়ামী লীগের সম্মেলনে সময় তিনি ‘অনেক দূরে’ নিজের বাড়িতে ছিলেন।

“সম্মেলনে ঘটনা ঘটেছে ১টায়৷ ৩টা বাজে ওর পরিবার ওকে হাসপাতালে নিয়ে গেছে। স্ট্রোক করে মারা গেছে। এর সাথে সম্মেলনের কোনো রিলেশন (সম্পর্ক) নাই। কোনোভাবেই সম্মেলনের সাথে এ ঘটনা যুক্ত না।”

বিএনপির বিভাগীয় সমাবেশের বিষয়ে ইঙ্গিত করে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “বিরোধী দল হলে (খবরে লেখেন) চারদিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে পায়ে হেঁটে আসতেছে... দেন এটা আপনাদের ইচ্ছা। আমাদের এগুলো বারণ নাই। এগুলো আপনাদের ব্যাপার।

“কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।"

অন্যদের মধ্যে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পুরনো খবর:

দিরাইয়ে যুবকের মৃত্যু ‘আওয়ামী লীগের সংঘর্ষে নয়’: পরিবার
সুনামগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ