Published : 18 Feb 2026, 03:47 PM
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়টি জুলাই অভ্যুত্থানকে ‘অপমান করার শামিল’ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, “এই জুলাইয়ের কারণে নির্বাচন হল, এই জুলাই না হলে তারেক রহমান কী প্রধানমন্ত্রী, আমি কি বিরোধী দলীয় নেতা হতে পারতাম?”
জুলাইকে ‘স্বীকৃতি দিতে হবে’ মন্তব্য করে শফিকুর রহমান বলেন, “তাহলে অবশ্যই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষায় সব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা পবিত্র দায়িত্ব।”
জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হন শফিকুর রহমান।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানে এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল।
কিন্তু বিএনপি জোট সংসদ সদস্যের শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। সংবিধান পরিবর্তনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের ‘সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ ঘটনায় জামায়াতে ইসলামী এবং তাদের জোটসঙ্গী প্রথমে কোনো শপথই না নেওয়ার কথা বললেও পরে তারা দুই শপথই নেয়।
‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচি
মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ থেকে সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন জামায়াতের আমির। এসময় তিনি সড়কে ঝাড়ু দেন।
শফিকুর রহমান বলেন, “প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে। এরপর অন্যান্য কাজে ছড়িয়ে পড়বে। এই এলাকা একটি মডেল এলাকা হিসেবে গড়ে উঠুক। সরকার কি ফান্ড দেবে বা দেবে না–সেটা বড় নয়, আমাদের কাজ চলবে।”
দলমত, ধর্মের ঊর্ধ্বে উঠে পরিচ্ছন্নতার কাজ করার আহ্বান রেখে শফিকুর রহমান বলেন, “ঢাকায় থাকলে প্রতিদিন রাস্তা ঝাড়ু দেব।”
এই কাজ এগিয়ে নিতে এ সময় সবার সহযোগিতা চান জামায়াতের আমির।