Published : 26 May 2026, 05:15 PM
দেশবাসীকে কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের ঈদুল আজহার ও মোবারকবাদ জানাই। তাদের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
“ঈদুল আজহা সকলের জীবনকে করে তুলুক আনন্দময়। আল্লাহ তায়ালার দরবারে এ প্রার্থনা জানাই।”
বিবৃতিতে আরও বলা হয়, কোরবানির ঈদের অন্তর্নিহিত চেতনা হচ্ছে ‘ত্যাগের উৎসব’। ঈদুল আজহার তাৎপর্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। সেজন্য বিশ্ব মুসলিম ঈদুল আজহার উৎসবে মিলিত হয়।
“মনের অশুভ অন্ধকার দূর করে সহজ-সরল-অনাড়ম্বর জীবন যাপনের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসই হচ্ছে পশু কোরবানি। কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করা এবং মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।”
বিএনপি মহাসচিব বলেন, “ঈদুল আজহার প্রধান শিক্ষা হল আল্লাহর প্রতি গভীর ভালবাসা ও নিঃশর্ত আনুগত্য প্রদর্শন। এটি ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব। এর মাধ্যমে মুসলমানেরা আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়।”