১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা ফজলুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসিকিউশনের

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি।

বিএনপি নেতা ফজলুরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসিকিউশনের
ফজলুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 03:17 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করার অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

বুধবার ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হয় বলে জানান ট্রাইব্যুনালের কৌঁসুলি গাজী মোনাওয়ার হোসাইন তামিম। 

ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রথম সদস্য উপস্থিত না থাকায় দ্বিতীয় সদস্য আগামী রোববার শুনানির জন্য দিন রাখেন। 

প্রসিকিউশনের পক্ষে আবেদনের শুনানি করেন গাজী মোনাওয়ার হোসাইন তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় অন্য কৌঁসুলিরা উপস্থিত ছিলেন। 

তামিম বলেন, “অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কন্টেম্পট অব কোর্টের আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।” 

কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে আইনজীবী ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে নানা মন্তব্য করেন, যা আদালত অবমাননার শামিল।

“তিনি বলেন, ‘এই ট্রাইব্যুনালের বিচার তিনি মানেন না; এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার করতে পারেন না’। তিনি (ফজলুর রহমান) আরও বলেছেন, ‘প্রসিকিউশন তৃতীয় কোনো পক্ষের সঙ্গে সমঝোতায় এই জাজমেন্ট বা প্রসিডিংস চলছে’।” 

আদালত অবমাননার অপরাধ প্রমাণিত হলে এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড একসঙ্গে হতে পারে বলে জানান কৌঁসুলি মিজানুল ইসলাম।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে  ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে গত ২৬ অগাস্ট ফজলুর রহমানের প্রাথমিক সদস্যসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি। 

গত ৩  নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ২৩৭ আসনের সংসদ নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেন, তাতে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে রয়েছে ফজলুরের নাম।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগ ছেড়ে ২০০৭ সালের দিকে বিএনপিতে যোগদান করেন এবং প্রায় আট বছর কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

এর আগেও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকে দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।