১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার জন্য শেরিং তোবগের ফুলের তোড়া

ভুটানের প্রধানমন্ত্রীর ওই ফুলের তোড়া এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 11:23 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে খালেদা জিয়ার জন্য ওই ফুলের তোড়া দেন শেরিং তোবগে। 

বিএনপি মহাসচিব জানান, “ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাত করতে এসেছিলাম। তিনি আমাদের কাছ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। ম্যাডামের আশু আরোগ্য কামনা করে একটি ফুলের তোড়া দিয়েছেন।’

“আমি এভারকেয়ার হাসপাতালে গিয়ে ভুটানের প্রধানমন্ত্রীর এই ফুলের তোড়া ম্যাডামের কাছে পৌঁছে দিয়েছি।”

ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিএনপি মহাসচিব জানান, ‘দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে’ তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশে জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে ‘আশাবাদ ব্যক্ত করেছেন’ ভুটানের প্রধানমন্ত্রী।

শনিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন  শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।