Published : 31 Dec 2025, 08:43 AM
“ও আল্লাহ, আর কয়টা দিন বাঁচায় রাখতা, আমার ম্যডাম যাতে নির্বাচনটা দেইখা মৃত্যুবরণ করতো।”
রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে এভাবেই মঙ্গলবার সকালে বিলাপ করে কাঁদছিলেন বিএনপির এক নারী কর্মী। বলছিলেন, “আজকে আমাদের রাজনীতি শ্যাষ, আজকে ম্যাডাম নাই, কার কাছে কথা বলুম। ম্যাডামতো নাই, কার কাছে গিয়া কিছু বলমু।“
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ডামাডোল যখন দেশজুড়ে তখন প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর খবরে নিজের আকাঙ্খার কথা এভাবেই বিলাপের সুরে বলছিলেন ওই কর্মী।
এ হাসপাতালেই ৪০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এদিন সকাল ৬টায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসাতালের সামনে ভিড় করতে থাকেন নেতার্কর্মীরা।
শুধু ঢাকায় নয়, দেশের আনাচে কানাচে সবাই এ খবরে শোক প্রকাশ করেন। জেলায় জেলায় বিএনপিসহ সব দলের রাজনৈতিক কার্যালয়ে নেমে আসে নীরবতা।
শোকের বিহ্বলতা একটু কাটলে নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় আসার প্রস্তুতিও নিতে শুরু করেন বিএনপির কেউ কেউ। যেমনটি বলছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী জানাজায় অংশ নেওয়ার জন্য ঢাকায় যাবেন।
মঙ্গলবার সকালে আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপর নেতাকর্মীদের অনেকেই খোঁজ নিতে থাকেন দলের চেয়ারপারসনকে কোথায় দাফন করা হবে তা নিয়ে।
সেই তথ্য জেনেই রাজধানী ঢাকার জিয়া উদ্যানের সামনে এসে হাজির হন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা মুন্সীগঞ্জ জেলা শাখার সহসভাপতি পলাশ খান।
এখানে খালেদা জিয়ার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসনকে। সেই প্রস্তুতির অংশ হিসেবে নেতাকর্মীদের ভিড় বেড়ে যাওয়ার আগেই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়।
এতে করে পলাশের মত আরও অনেকে ভেতরে ঢুকতে না পেরে জিয়া উদ্যানের সামনেই দাঁড়িয়ে ছিলেন, কারো কারো চোখে ছিল অশ্রু।
আবেগতাড়িত গলায় পলাশ বলছিলেন, “বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি বাংলাদেশের স্বার্থে কখনো আপস করেনি। তাই তাকে আপসহীন নেত্রী বলা হয়। তিনি নেতাকর্মীদের প্রতি অত্যন্ত সহনশীল ছিলেন। ভালোবেসে কাছে টেনে নিতেন।
“আমি যখন তার মৃত্যুর খবর শুনতে পাই, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি।”
৭৯ বছর বয়সি ‘আপসহীন নেত্রীর’ মৃত্যুর খবরে সকালে শুধু হাসপাতাল কিংবা জিয়া উদ্যান নয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ঢল নামে শোকে স্তব্ধ দলটির নেতাকর্মীরা। শুধু দলীয় নেতাকর্মীরাই নন, তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে সর্বস্তরের মানুষও শোকাহত।
তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-জকসু নির্বাচনের ভোট, বৃত্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষাসহ নানা ধরনের কর্মসূচি স্থগিত হয়েছে, শোকের ছায়া দেশজুড়ে।
বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিন বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হবে, পরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
শুধু দলীয় কর্মীরাই নন, খালেদা জিয়ার মৃতুতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ সব রাজনৈতিক দল, সর্বস্তরের মানুষ শোকাহত। দেশে-বিদেশে বাংলাদেশি কমিউনিটিতে যেমন শোকের ছায়া নেমে আসে, তেমনি বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান, কূটনৈতিকরা শোকবার্তা পাঠিয়েছেন।
দেশের বৃহত্তম দলটির নেতৃত্বে থাকা অবস্থায় চেয়ারপার্সনের মৃত্যুর পর ভাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলীয় স্থায়ী কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে।
সাত দিনের শোক ঘোষণা বিএনপির
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে তার দল বিএনপি। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতালে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি সাত দিনব্যাপী বিএনপি শোক পালন করবে।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে সাত দিন কালো পতাকা উত্তোলন থাকবে। দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই সাত দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন।
প্রতিটি দলীয় কার্যালয়ে তার জন্য সাতদিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয় কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে।
>> শেষ মুহূ্র্তে জকসুর ভোট স্থগিত, নতুন তারিখ ৬ জানুয়ারি
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জকসুর ভোট হওয়ার কথা ছিল।
এদিনই সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যান। পরে সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি সভা করে ভোট স্থগিত করে।
সিন্ডিকেট জকসু ভোটের নতুন তারিখ নির্ধারণ করেছে ৬ জানুয়ারি।
>> উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, বুধবার জানাজা ও দাফন
খালেদা জিয়ার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার পর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
এ বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভেনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে হবে বলে সেখানে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বুধবার এভারকেয়ার হাসপাতাল- ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে- কুড়িল ফ্লাইওভার- নৌ সদর দপ্তর হয়ে বাসভবন ফিরোজা- গুলশান-২-কামাল আতাতুর্ক এভিনিউ- এয়ারপোর্ট রোড- মহাখালী ফ্লাইওভার- জাহাঙ্গীর গেট- বিজয় সরণি- উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় আনা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে পথ দিয়ে নেওয়া হবে সে দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও জানিয়েছে ডিএমপি।
>> তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি
বৈঠকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধবার তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করার সিদ্ধান্তও নেয় উপদেষ্টা পরিষদ। দুপুর বারোটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সরকারের সিদ্ধান্ত ঘোষণা করেন। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসাবে তিনদিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
>> জানাজা-দাফনে কড়া নিরাপত্তা
খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা এবং দাফন অনুষ্ঠানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভায় বসেন কয়েকজন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে মন্ত্রণালয়ে এই সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান, মোস্তফা সরয়ার ফারুকী, খলিলুর রহমান। বৈঠকে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলামও উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা এবং দাফন অনুষ্ঠানে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
>> জিয়া উদ্যানে প্রবেশ সীমিত, পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে সমাধিস্থ করার প্রস্তুতি হিসাবে মঙ্গলবার দুপুর থেকেই জিয়া উদ্যানে জনসাধারণের প্রবেশ সীমিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিকালে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি খালেদা জিয়ার জন্য যেখানে কবর প্রস্তুত করা হচ্ছে তা ঘুরে দেখেন।
>> শেষ শ্রদ্ধা জানাতে আসছেন বিদেশি প্রতিনিধিরা
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং কূটনৈতিক মিশনগুলো। মঙ্গলবার দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শোকবার্তা আসে। সেসব বার্তায় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের আধুনিক রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে তার ভূমিকার কথা তুলে ধরা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ বিভিন্ন দেশের বাংলাদেশ মিশন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে আসবেন বলে বিকালে ঘোষণা দেয় ভারতীয় হাই কমিশন ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগ দেওয়ার কথা বিকালে ঘোষণা করে পাকিস্তান হাই কমিশন।
>> গণভোটের প্রচার বুধবার পর্যন্ত স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে গণভোট নিয়ে সরকারের প্রচারণামূলক কার্যক্রম বুধবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা আগামীকাল পর্যন্ত গণভোট নিয়ে সরকারের প্রচারণামূলক কার্যক্রম স্থগিত রাখতে বলেছি।”
>> ফেডারেশন কাপ, উইমেন’স ফুটবল লিগ ও বিপিএলের ম্যাচ স্থগিত
খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার ফেডারেশন কাপ ও উইমেন’স ফুটবল লিগের ম্যাচ স্থগিত করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।
শোক প্রকাশ করে বিসিবি তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করেছে।
>> প্রেস ক্লাবে এজিএমের বদলে শোক সভা
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর খবরে তার পরিবর্ততে শোক সভা আয়োজন করা হয়।
>> শিল্পকলা একাডেমির অনুষ্ঠান বন্ধ তিন দিন
খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধ থেকে শুক্রবার তিন দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
>> আদালতে কাজ স্থগিত
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা মঙ্গলবার আদালতের কার্যক্রমেও অংশ নেয়নি। তাদের এ সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে এদিন ঢাকার অধনস্ত আদালতের বিচারকেরাও এজলাসে ওঠেননি। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে।
>> ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিন ক্লাস-পরীক্ষা স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার তিন দিন ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের শোক বার্তায় বলা হয়েছে, শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কর্মসূচি জানানো হবে।
খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনার ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল ও হোস্টেল এবং আবাসিক এলাকার মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।”
>> শেষশয্যার আয়োজন
সন্ধ্যার পর খালেদা জিয়াকে দাফনে কবর খোঁড়ার আনুষ্ঠানিকতা শুরু হয় জিয়া উদ্যানে।
খালেদা জিয়ার জন্য জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্বপার্শ্বে ৪ ফুট বাই ৭ ফুট নতুন কবর খোঁড়া হচ্ছে বলে বাসসকে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, “যেই স্থাপত্য প্রকৌশল সংস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আর্কিটেক্টের কাজ করেছিল সেই সংস্থাকে দিয়েই এবার বেগম খালেদা জিয়ার কবর খোঁড়ানো ও বাঁধাই করা হচ্ছে, যাতে মূল নকশায় কোনো ধরনের পরিবর্তন না আসে।”
>> বুধবারের বৃত্তি পরীক্ষা পেছাল
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করায় এ দিন অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র বৃত্তির বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। ওই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
একই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বুধবারের দাখিল অষ্টম শ্রেণির এবং এবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষাও। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক আদেশে এ ঘোষণা দিয়ে জানানো হয়েছে, বুধবারের দাখিল অষ্টম শ্রেণির এবং এবতেদায়ী পঞ্চম শ্রেণির পরীক্ষাটি ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
>> বুধ ও বৃহস্পতিবারের ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। কমিশন জানিয়েছে, স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
>> শুক্রবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শুক্রবার ৬১ জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে। ৯ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের কথা বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’