Published : 19 Jul 2025, 12:16 PM
জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশে’ অংশ নিতে দলটির নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশে ভিড় করছেন।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মীদের দেখা গেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, টিএসসি, বটতলা, কলাভবন ও কার্জন এলাকায় ভোর থেকে অনেককে বিশ্রাম নিতে দেখা গেছে।
নোয়াখালী থেকে আসা বদরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ ১৬ বছর আমরা নিপীড়িত ছিলাম। প্রথমবারের মত আমরা সমাবেশ করতেছি; তাই গতকাল রাতে এসেছি। এখন একটু বিশ্রাম নিচ্ছি।”

বরিশাল থেকে আসা শাহাদাত হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে ইলেকশন। আমাদের জামায়াতের আমির আসবে।
“আমাদেরকে ইলেকশনের দিকনির্দেশনা দেবে কীভাবে কী করা যায়। তাই আসছি।”
এদিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। অন্যদিনে যান চলাচল ও বহিরাগত প্রবেশে বাধা থাকলেও শনিবার তেমনটা দেখা যায়নি।

রাজু ভাস্কর্যের সামনে মেডিকেল বুথে জামায়াত সমর্থকদের ভিড় দেখা গেছে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দলটির স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

সার্বিক বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদকে ফোন করা হলেও তার সাড়া মেলেনি।

শনিবার দুপুর ২টা থেকে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৯টার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে রূপ নিয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৭ দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত।