Published : 24 Apr 2026, 07:44 PM
যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ চারজনকে অনুষ্ঠান করে দলে ভিড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার বিকালে ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই অনুষ্ঠান হয়।
জুলাই আন্দোলনের শীর্ষস্থানীয় নেতাদের হাত ধরে গড়ে ওঠা এ দলটিতে এদিন ইসহাক সরকারের সঙ্গে যোগ দেন শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, ‘কন্টেন্ট ক্রিয়েটর’ নুরুজ্জামান কাফি ও অধিকারকর্মী মহিউদ্দীন রনি।
তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণার সময় ইসহাক সরকারকেই অনুষ্ঠানের ‘প্রধান আকর্ষণ’ হিসেবে মন্তব্য করেন।
যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে থাকা ইসহাক সরকারের বিরুদ্ধে গত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৬৫টি মামলা হয়। ১১টি মামলায় তার ২২ বছর সাজা হয়।
২০১৩ সালের দিকে ঢাকা ও আশপাশের এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোর ‘অন্যতম হোতা’ হিসেবে তার কথা বলেছিল পুলিশ। তার সহযোগী হিসেবে সেই সময় কয়েকজন গ্রেপ্তার হন, গুমও হন কয়েকজন।
সর্বশেষ গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন পুরান ঢাকার এই যুবদল নেতা। পরে দলীয় মনোনয়ন না পেয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে দল। গত কয়েকদিন ধরেই তার এনসিপিতে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল।
এনসিপিতে যোগ দেওয়া ‘কন্টেন্ট ক্রিয়েটর’ কাফির গ্রামের বাড়িতে ৫ অগাস্ট পরবর্তী সময়ে আগুন দেওয়া হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দীন রনি বিগত আওয়ামী লীগ আমলে রেলের দুর্নীতিবিরোধী আন্দোলনসহ নানা বিষয়ে প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসেন।
‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক অনুষ্ঠানটিতে নাহিদের সঙ্গে দলটির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
শেরেবাংলার নাতনি ফেরসামিন হক ফ্লোরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, অনুষ্ঠানে তিনি অনলাইনে যোগ দেন। আর ইসহাক সরকার, নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনিকে ফুল দিয়ে দলে বরণ করে নেন নাহিদ ইসলাম।
এনসিপিতে যোগদানকারীদের নাম ঘোষণার সময় নাহিদ বলেন, “ইসহাক সরকার এই আয়োজনের প্রধান আকর্ষণ। তাকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ছাত্রদল, যুবদলে তিনি কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। তিনি আমাদের সহযোদ্ধা। তিনি আগে বিরোধী রাজনীতি করেছেন, এখনো বিরোধী রাজনীতিই করবেন।
“ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। ইসহাক সরকার সব সুযোগ-সুবিধাকে একদিকে ঠেলে দিয়ে জনগণ ও তরুণদের পক্ষে দাঁড়িয়েছেন। ইসহাক সরকারের সঙ্গে তার অসংখ্য অনুসারী এনসিপিতে যোগ দিচ্ছেন। তাদেরও স্বাগত জানাই।”