১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'সিমপ্যাথি কার্ড' খেলার অপচেষ্টায় বিএনপি: কাদের

“জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এ ধরনের ‘অপকৌশল’ গ্রহণ করায় বিএনপি দিনে দিনে সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে”, বলেন তিনি

'সিমপ্যাথি কার্ড' খেলার অপচেষ্টায় বিএনপি: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 04:02 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত-নির্যাতিত দেখিয়ে 'সিমপ্যাথি কার্ড' খেলার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের স্বাক্ষরিত এক বিবৃতি এ কথা বলা হয়।

কাদের বলেন, “বিএনপি রাজনৈতিক দল হিসেবে রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে ‘একই গীত’ গেয়ে চলেছেন; প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন।” 

জনগণের জন্য রাজনৈতিক কর্মসূচি দিতে ‘ব্যর্থতা ঢাকার জন্য’ এই ‘অপকৌশল’ নেওয়া হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা বলেন, “বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত-নির্যাতিত দেখিয়ে 'সিমপ্যাথি কার্ড' খেলার অপচেষ্টা করছে। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এ ধরনের ‘অপকৌশল’ গ্রহণ করায় বিএনপি দিনে দিনে সাংগঠনিকভাবে আরও ‘দুর্বল হচ্ছে’।”

বিএনপির নেতারা টিকে থাকার জন্য সব সময় ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বক্তব্য উপস্থাপন করেন- এমন একটি অভিযোগও আনেন কাদের। 

এভাবে দলটি রাজনীতিতে ‘কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা’ চালায় মন্তব্য করে তিনি বলেন, “বিএনপি নেতৃবৃন্দের বোঝা উচিত, বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়। নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে।”

আওয়ামী লীগ সরকার ‘সুদৃঢ় অবস্থানে’ রয়েছে দাবি করে দলের সাধারণ সম্পাদক বলেন, “অস্তিত্ব সংকটে থাকা ‘রাজনৈতিক দেউলিয়াত্বের কাছাকাছি পৌঁছে যাওয়া’ বিএনপি সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছে!”

জনগণের সেবা করাই ক্ষমতাসীন দলের রাজনীতির মূলনীতি জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ সবসময় শাসন-শোষণ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাতেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত। 

“অন্যদিকে বিএনপি শাসনামলের দুর্নীতি-লুটপাট ও দুঃশাসনের কথা জনগণ ভুলে যায়নি। কীভাবে সন্ত্রাস ও উগ্র-জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে সারা দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, সে সব কাহিনী যারা প্রত্যক্ষ করেছে, তারা স্মরণ করলে বা কেউ শুনলে এখনও শিউরে ওঠে।”

জনগণ সেই দুঃসহ সময়ের দিনগুলোতে ফিরে যেতে চায় না মন্তব্য করে কাদের বলেন, “আমরা জনগণের জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”