১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার দুজন কারাগারে

এর আগে গত ২৯ সেপ্টেম্বর শেখ হাসিনার ‘জন্মদিন পালন করতে গিয়ে’ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন মিষ্টি সুভাষ।

ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার দুজন কারাগারে
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তারা, যেটি ৫ অগাস্ট সরকার পতনের আন্দোলনের দিন ভাঙচুরের  পর আগুন লাগিয়ে দেওয়া হয়। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 08:23 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতা মিষ্টি সুভাষ ও নিলুফা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম সাইফুদ্দীন হোসাইন জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আদালতে ধানমন্ডি থানার দায়িত্বপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই বাসার এ তথ্য দেন।

শনিবার আটক এ দুই আসামিকে এদিন আদালতে আনার পর কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই আব্দুল করিম। 

পরে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করে শুনানিতে বলেন, অহেতুক হয়রানি করতে তাদের মামলায় জড়ানো হয়েছে। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে দুজনকে কারাগারে পাঠানোর আবেদন করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ অগাস্ট ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন হুমায়ুন কবির নামের এক শ্রমিক। এরপর দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আক্রমণে পেটের বামপাশে গুলিবিদ্ধ হন তিনি। 

গত ৭ নভেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যাচেষ্টার এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিক করা হয় ৬৩ জনকে। আসামির তালিকায় মিষ্টি সুভাষ ও নিলুফা ইয়াসমিনের নামও রেখেছেন বাদি হুমায়ুন কবির।

শনিবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে মিষ্টি সুভাষ ও নিলুফাকে পুলিশে দেন কিছু মানুষ। এরপর হত্যাচেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর শেখ হাসিনার ‘জন্মদিন পালন করতে’ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হয়ে আলোচনায় এসেছিলেন মিষ্টি সুভাষ।