নারী নেত্রীদের নিয়ে ‘মিথ্যাচারের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি এনসিপির
“সুষ্ঠু রাজনীতির স্বার্থে নারীদের প্রতি যেকোনো ধরনের সাইবার বুলিং, নোংরামীর বিরুদ্ধে প্রতিটি রাজনৈতিক দলকে সচেতন থাকার আহ্বান জানাই,” বলেন আখতার।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কয়েকজন নারী নেত্রীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান ‘মিথ্যাচার’ ও রুচিহীন প্রচারের’ বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ এসেছে দলটির সাধারণ সভা থেকে।
শুক্রবার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
এক ফোনালাপ ফাঁস হওয়াকে কেন্দ্র করে এনসিপি নেত্রী তাজনূভা জাবীনসহ আরও কয়েকজন সম্প্রতি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। এর অধিকাংশ ক্ষেত্রেই সূত্রবিহীন ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে আখতার বলেন, “অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে এনসিপির নারী সদস্যদের কেন্দ্রে করে গণমাধ্যম, ফেইসবুকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য, নোংরা ভাষায় আক্রমণ, অশ্লীলতা ও চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে। এনসিপি এসব নোংরামীর বিরুদ্ধে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছে।
“সুষ্ঠু রাজনীতির স্বার্থে নারীদের প্রতি যেকোনো ধরনের সাইবার বুলিং, নোংরামীর বিরুদ্ধে প্রতিটি রাজনৈতিক দলকে সচেতন থাকার আহ্বান জানাই।”
এসব ঘটনার সুরাহা করতে দলের সাধারণ সভায় কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আসার কথা জানিয়ে তিনি বলেন, “নানা ধরনের ভুয়া ঘটনা তৈরি করে, নানান গল্প বানিয়ে এনসিপির নারী সদস্যসহ অন্যান্য রাজনৈতিক দলের নারী সদস্যদের বিরুদ্ধে যেসব কুরুচিকর মন্তব্য করা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন স্তরে ব্যবস্থা গ্রহণ করবো।
“যেসব মিডিয়া দায়িত্বজ্ঞানহীনভাবে কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছে সেসব মিডিয়ার বিরুদ্ধে এনসিপি প্রেস কাউন্সিলে অভিযোগ দেবে। বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের নারীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদেশে আমাদের দূতাবাসে অভিযোগ দায়ের করা হবে।
“যারা নানাভাবে কমেন্টে, ফেইসবুক পোস্টে নারীদের ব্যাপারে বাজে মন্তব্য করেছেন, নারীদের অসহায় করে তুলেছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করবে এনসিপি।
এনসিপিসহ সব রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠানের কর্তব্য হচ্ছে নারীদের বিষয়ে যে অশ্লীলতার ছড়াছড়ি হচ্ছে তার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে এক থেকে পদক্ষেপ নিতে হবে।”
