শুধু ভারত নয়, সকল পরাশক্তির সঙ্গে সম্পর্কে ‘মর্যাদার নীতি’ চান সাইফুল হক
“তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশ নির্ভর করে রাখা যাবে না,” বলেন তিনি।
কেবল ভারত নয়, সকল পরাশক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘জাতীয় মর্যাদা ও জাতীয় স্বার্থের নীতি’ অনুসরণের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সত্যিকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশবিরোধী সকল অপপ্রচার ও অপতৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে।”
শুক্রবার বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগর উত্তর আয়োজিত প্রতিনিধি সভায় তিনি বক্তব্য রাখছিলেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সভায় সাইফুল হক বলেন, “তেল, গ্যাস ও জ্বালানির মতো অতি সংবেদনশীল খাতকে কোনোভাবেই বিদেশ নির্ভর করে রাখা যাবে না।”
জাতীয় স্বাবলম্বিতার নীতির ভিত্তিতে জাতীয় সক্ষমতা বাড়িয়ে পেট্রোবাংলাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
সাইফুল হক বলেন, “সমুদ্র ও ভূখণ্ডে নিজেদের জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলন নিশ্চিত করতে হবে।”
রাজধানীর ফার্মগেটের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভা শুরু হয় সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, বিপ্লবী যুব সংহতির সংগঠক অকাল প্রয়াত শিবু মোহান্ত ও নেপালে বন্যায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
যুব নেতা তুহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, আকবর খান, বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম।
