ভালো আছেন ফখরুলের স্ত্রী, দেশে ফিরবেন সোমবার
২০২২ সালে ফখরুল কারাবন্দি থাকা অবস্থায় তার স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা এবং অস্ত্রোপচার নিয়ে আবেগঘন এক ফেইসবুক পোস্ট শুক্রবার ভাইরাল হয়।
সিঙ্গপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম।
শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আমাদের দুইজনেরই সবগুলো রিপোর্ট ভালো। আপনার ভাবীর অবস্থা ভালো। উনি সুস্থ ও ভালো আছেন। ইনশাল্লাহ ১৪ এপ্রিল বিকালে আমরা দুজন দেশে ফিরব।”
স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ৬ এপ্রিল সিঙ্গাপুরের যান মির্জা ফখরুল ও তার স্ত্রী । এর মধ্যে বৃহস্পতিবার ফখরুলের নামে একটি ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে তার স্ত্রীকে নিয়ে এক পোস্ট আলোচনার জন্ম দেয়।
২০২২ সালে কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আরা বেগমের অসুস্থতা এবং অস্ত্রোপচার নিয়ে আবেগঘন সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
স্ত্রীর যখন প্রথম অসুস্থতা ধরা পড়ে তখনকার মানসিক অবস্থা এবং স্ত্রীর অস্ত্রোপচারের সময় কারাগারে থাকার সময়ের স্মৃতিচারণ করা হয়েছে ওই ফেইসবুক পোস্টে।
ইংরেজিতে লেখা ওই পোস্টে বলা হয়েছে, অস্ত্রোপচারের ঠিক আগের দিন, ভোর ৩টায় পুলিশ মির্জা ফখরুলকে বাড়ি থেকে নিয়ে যায়। স্ত্রীর অস্ত্রোপচারের সময় তিনি কারাগারে ছিলেন।
“আমার মেয়ে এবং ডাক্তার জাহিদ ছাড়া আর কেউ হাসপাতালে ছিলেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন।
“আমার স্ত্রী অত্যন্ত ধৈর্য এবং মুখে হাসি নিয়ে সবকিছু সামলেছেন, কেবল তার চিকিৎসার কঠিন বছরগুলোই নয়, প্রায় ৫০ বছর ধরে আমরা পারিবারিকভাবে যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি, তাও সহ্য করেছেন।”
পোস্টে লেখা হয়েছে, সিঙ্গাপুরের ডাক্তার বলেছেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে। তবে ছয় মাসের মধ্যে আবার দেখাতে হবে।
